আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নারী এশিয়ান কাপ

ঘুরে দাঁড়ানোর আশায় পার্থে নারী দল

স্পোর্টস রিপোর্টার

ঘুরে দাঁড়ানোর আশায় পার্থে নারী দল

নারী এশিয়ান কাপে গ্রুপ পর্বে সবচেয়ে কঠিন দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। চীনের বিপক্ষে দারুণ প্রতিরোধ গড়ে তুললেও উত্তর কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে নারী দল। টানা দুই ম্যাচ হারের ধকল শেষে সিডনি থেকে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচ খেলতে এখন পার্থে অবস্থান করছে বাংলাদেশের মেয়েরা। আগামীকাল ৯ মার্চ উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে তারা। হারের হতাশা ভুলে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি জয়ে রাঙিয়ে দেওয়ার লক্ষ্য তাদের। এজন্য শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে কোচ পিটার বাটলারের দল।

পার্থে পৌঁছে গতকাল পুরোপুরি বিশ্রামে ছিলেন আফঈদা খন্দকাররা। বাফুফে পাঠানো ভিডিও বার্তায় নারী দলের অস্ট্রেলিয়ান প্রবাসী ফিজিও ইসনাদ জামান বলেছেন, ‘এটা (উত্তর কোরিয়ার ম্যাচ) কঠিন ম্যাচ ছিল। মেয়েরা মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত হয়ে পড়েছিল। আমি মনে করি, এটার প্রয়োজনও ছিল। তবে তারা দ্রুত ফিরেছে, আমরা পার্থে উড়ে এসেছি। সব খেলোয়াড় খুব ভালো বোধ করছে। সত্যি কথা বলতে, চীনের ম্যাচটি শারীরিকভাবে বেশি চ্যালেঞ্জিং ছিল। তবে খেলোয়াড়রা সবাই সুস্থ আছে। কোনো ইনজুরি নেই।’

বিজ্ঞাপন

উজবেকিস্তান ম্যাচ সামনে রেখে বাংলাদেশের মেয়েরা প্রাণবন্ত আছেন বলে জানান ফিজিও ইসনাদ জামান। তিনি বলেন, ‘পরবর্তী ম্যাচে ফোকাস দিচ্ছে তারা এবং খেলার জন্য প্রস্তুত। আমি মনে করি, উত্তর কোরিয়া ম্যাচে পর মানসিকভাবে ফিরে এসেছে তারা। ৫-০ গোলে হারের পর তারা মানসিকভাবে ভেঙে পড়েনি। তারা জানত যে, কোরিয়া ভালো দল। তারা সেখানে সেরা ছিল না। তাই পরের ম্যাচের দিকেই ফোকাস তাদের এবং তারা প্রস্তুত।’

আজ পার্থে অনুশীলনে নামবে নারী দল। গত ম্যাচে ভুলগুলো শোধরানোর চেষ্টা করবেন কোচ বাটলার। এদিকে, নিয়মিত ফিজিও লাইজু ইয়াসমিন অসুস্থতার কারণে দলের সঙ্গে অস্ট্রেলিয়া যেতে পারেননি। তাই এশিয়ান কাপের জন্য ইসনাদকে নিয়োগ দিয়েছে ফুটবল ফেডারেশন। অল্প সময়ের মধ্যে দলের সঙ্গে বোঝাপড়ায় কোনো সমস্যা হচ্ছে না বলে জানালেন ইসনাদ। তিনি বলেন, ‘টেকনিক্যাল টিম রয়েছে এখানে। তারা খুবই গোছাল। তারা আমাকে সুযোগ দিয়েছেন। তারা সবকিছু রেখেছে এবং আমাকে স্বাগত জানিয়েছেন। আমি নির্বিঘ্নে মেয়েদের সহযোগিতা করতে পারছি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...