আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিশ্বকাপে আজ মাঠে নামছে ভারত-পাকিস্তান

মাঠে মহাযুদ্ধ, পেছনে রাজনৈতিক উত্তাপ

স্পোর্টস ডেস্ক

মাঠে মহাযুদ্ধ, পেছনে রাজনৈতিক উত্তাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে সবচেয়ে বড় চমকটা দেখিয়েছে জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক সৃষ্টি করেছে সিকান্দার রাজার দল। ক্রিকেট বিশ্বজুড়ে এই অঘটনের আলোচনার মাঝেই আসরের সবচেয়ে বড় ম্যাচের ঘণ্টা বাজছে। চলমান বিশ্বকাপের রোমাঞ্চ, উন্মাদনা, উত্তেজনা-সব আজ একজোট হচ্ছে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। ভারত-পাকিস্তান ম্যাচ বলে কথা! বিশ্বকাপ শুরুর আগেই ভারত ও পাকিস্তানের ম্যাচ নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। মূলত বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করা এবং সেই ইস্যুতে বাংলাদেশকে সমর্থন করে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে নড়েচড়ে বসে ক্রিকেটবিশ্ব। পাকিস্তানের এই সিদ্ধান্তের পর আইসিসিও সজাগ হয়ে ওঠে। এরপর বিভিন্ন জটলার পর পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে সমঝোতায় এসে যথাসময়ে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত হয়। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে নামবে দুদল। এই ম্যাচ দুদলের জন্যই সুপার এইটে ওঠার লড়াই। নিজেদের প্রথম দুই ম্যাচ জিতেছে দুদলই। এই ম্যাচ জিতলেই নিশ্চিত হবে সুপার এইটের টিকিট।

ভারত-পাকিস্তানের লড়াই মানেই সীমান্তের উত্তেজনা ২২ গজের ময়দানেও বহমান। বিশ্বকাপের মঞ্চ হলে তো কথাই নেই। এবারও বিশ্বকাপের আগে দুই রোমাঞ্চের পারদ ময়দানেও ছড়িয়ে যাবেÑসেটা বলার অপেক্ষা রাখে না। আসরের বর্তমান চ্যাম্পিয়ন ভারত জয়ের ছন্দেই শুরু করেছে তাদের অভিযান। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২৯ রানে হারানোর পর নামিবিয়াকে ৯৩ রানে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে তারা। অন্যদিকে পাকিস্তানও দুই ম্যাচে দুই জয় পেয়েছে। নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ ওভার পর্যন্ত লড়াই করে জয়ের পর যুক্তরাষ্ট্রকে ৩২ রানে হারিয়েছে তারা।

বিজ্ঞাপন

আজকের ম্যাচে দলের অন্যতম সেরা ব্যাটার অভিষেক শর্মাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। মারকুটে এই ওপেনারের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বর্তমানে তিনি পেটের সংক্রমণ থেকে সেরে ওঠার পথে আছেন। তবে খেলার মতো অবস্থায় নেই বলে জানিয়েছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে শূন্য রানে আউট হওয়ার পর একই অসুস্থতার কারণে নয়াদিল্লিতে নামিবিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও খেলতে পারেননি তিনি। নামিবিয়ার বিপক্ষে ম্যাচে টসের পর ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব অভিষেককে নিয়ে বলেন, ‘অভিষেক এখনো পুরোপুরি সুস্থ নয়; সে এক বা দুটি ম্যাচ মিস করতে পারে।’ এছাড়া নিজেদের সেরা টিম নিয়েই নামছে ভারত। এদিকে পাকিস্তান দলে কোনো ইনজুরির খবর নেই।

খেলা ১১ জনের হলেও দুদলের মাঝে লড়াইটা হয় নির্দিষ্ট কিছু খেলোয়াড়কে ঘিরেই। কুলদীপ যাদবের সঙ্গে বাবর আজমের লড়াইটা বেশ জমাট হওয়ার কথা। টি-টোয়েন্টি ফরম্যাটে এখনো মুখোমুখি না হলেও ওয়ানডেতে তিন ম্যাচে দুবার বাবরকে আউট করেছেন এই চায়নাম্যান স্পিনার। হার্দিক পান্ডিয়ার সঙ্গে লড়াই হতে পারে উসমান তারিকের। উসমান তারিক আলোচনায় রয়েছেন তার বিতর্কিত বোলিং অ্যাকশনের কারণে। তার ‘স্টপ অ্যান্ড স্লিং’ অ্যাকশন ভাঙার সামর্থ্য রাখেন হার্দিক। যদি পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা ৭ থেকে ১৬ ওভারের মাঝামাঝি সময়ে উসমানকে আক্রমণে আনেন; তবে মাঝের ওভারে জমে উঠতে পারে এই লড়াই। জাসপ্রিত বুমরাহ ও সাহিবজাদা ফারহানের লড়াইও হিসাবে ধরতে হবে। শেষবার দুজনের লড়াই হলে জয়ী হন পাকিস্তানি ব্যাটারই। এক টি-টোয়েন্টি ম্যাচে বুমরাহকে টানা দুটি ছক্কা মেরে আলোচনায় আসেন ফারহান। দুবাইয়ে সেই ইনিংস এতটাই আলোচিত হয়েছিল যে, পরে ওই দুটি ছক্কা নিয়ে প্রামাণ্যধর্মী বিজ্ঞাপনচিত্রও তৈরি হয়। একইসঙ্গে ইশান কিশান বনাম শাহিন শাহ আফ্রিদির লড়াইও দেখা যাবে। শিবম দুবে ও আবরার আহমেদের প্রতিদ্বন্দ্বিতা দেখাটা হবে রোমাঞ্চের। শিবম দুবে লেগস্পিনারদের বিরুদ্ধে চমৎকার। ফলে আবরার আহমেদ কিংবা শাদাব খানের জন্য এটি হতে পারে কঠিন পরীক্ষা।

দুই দেশের মুখোমুখি লড়াই উন্মাদনার রেশ ছড়ালেও মাঠের লড়াইয়ে ভারতের কাছে নতিস্বীকারই যেন পাকিস্তানের নিয়তি। পরিসংখ্যান অন্তত তা-ই বলে। টি-টোয়েন্টিতে দুদল ১৬ ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ১৩টিতে জিতেছে ভারত, পাকিস্তানের জয় মাত্র ৩টি। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুদলের ৮ দেখায় ৭ বারই জয় পেয়েছে ভারত। ভারত-পাকিস্তান ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতায় ‘ম্যান ইন ব্লু’রা একাধিক স্মরণীয় প্রত্যাবর্তনের নজিরও গড়েছে। সব শেষ আসরেই ১১৯ রানের পুঁজি নিয়েও পাকিস্তানকে ৬ রানে হারিয়েছে তারা। এর আগের আসরেও মেলবোর্নে ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বিরাট কোহলির ৫৩ বলে অপরাজিত ৮২ রানের আইকনিক ইনিংসে শেষ বলে রোমাঞ্চকর জয় পায় ভারত। এই ফরম্যাটে দুদলের সব শেষ দেখা হয়েছিল গত বছরের এশিয়া কাপ ফাইনালে। যেখানে তিলক বর্মার অপরাজিত ৬৯ রানের ইনিংসে রোমাঞ্চকর জয়ে শিরোপা নিজেদের করে নেয় ভারত।

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই সীমান্তের উত্তেজনা ২২ গজে প্রতিফলিত হওয়া। আজকের লড়াই শুধু দুই য়েন্টের নয়; এটি আধিপত্য, মনস্তত্ত্ব ও সুপার এইটের নিশ্চয়তার প্রশ্ন। কলম্বোর আকাশে তাই আজ একটাই সুর-কে পাবে প্রথম সুপার এইটের টিকিট? উত্তরের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন