আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এক ফাইনালেই ভাঙল একাধিক রেকর্ড

স্পোর্টস ডেস্ক

এক ফাইনালেই ভাঙল একাধিক রেকর্ড

টি–টোয়েন্টি বিশ্বকাপের মহারণ শেষে ইতিহাসের নতুন অধ্যায় লিখেছে ভারত। আহমেদাবাদে ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বড় ব্যবধানে হারিয়ে শুধু শিরোপাই জেতেনি তারা, ভেঙেছে একের পর এক রেকর্ডও।

এই জয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শিরোপা সংখ্যা দাঁড়িয়েছে তিনটিতে। এর আগে ২০০৭ ও ২০২৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। এই প্রতিযোগিতার ইতিহাসে প্রথমবার কোনো দল তিনটি শিরোপা জয়ের কীর্তি গড়ল। এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড দুটি করে শিরোপা জিতেছিল।

শুধু তাই নয়, প্রথম দল হিসেবে টানা দুইবার বিশ্বকাপ জয়ের রেকর্ডও গড়েছে ভারত। একই সঙ্গে নিজেদের মাঠে বিশ্বকাপ জেতার বিরল কীর্তিও গড়ে তারা।

রানের বন্যা ও বড় ব্যবধানের জয়
ফাইনালে ভারতের ব্যাটিং ছিল বিধ্বংসী। তারা ৫ উইকেটে ২৫৫ রান তোলে, যা আন্তর্জাতিক টি–টোয়েন্টির নকআউট ম্যাচে সর্বোচ্চ সংগ্রহ। এর আগে এই আসরের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ২৫৩ রানও করেছিল ভারত। ফাইনালে ৯৬ রানের জয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সবচেয়ে বড় ব্যবধানের জয়ও তুলে নেয় তারা।

স্যামসনের ঝড়
ভারতের জয়ের নায়ক ছিলেন সাঞ্জু স্যামসন। ফাইনালে তিনি খেলেন ৪৬ বলে ৮৯ রানের দারুণ ইনিংস, যা টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এর আগে এই রেকর্ড ছিল মারলন স্যামুয়েলস ও কেন উইলিয়ামসরের ৮৫ রানের।

পুরো টুর্নামেন্টে ৩২১ রান করে স্যামসন গড়েছেন আরেকটি রেকর্ড—টি–টোয়েন্টি বিশ্বকাপে কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ রান। এতে তিনি ছাড়িয়ে গেছেন বিরাট কোহলির ২০১৪ সালের ৩১৯ রান। এই আসরে তিনি ২৪টি ছক্কাও হাঁকিয়েছেন, যা বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ছক্কার রেকর্ড।

অভিষেকের ঝড়ো সূচনা
ভারতের ইনিংসের শুরুটা করেন অভিষেক শর্মা। মাত্র ১৮ বলে ফিফটি করে তিনি টি–টোয়েন্টি বিশ্বকাপের নকআউট ম্যাচে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েন। অভিষেক ও স্যামসনের ৯৮ রানের ওপেনিং জুটিও বিশ্বকাপ ফাইনালের নতুন রেকর্ড। তাদের ব্যাটে পাওয়ার প্লেতেই ৯২ রান তোলে ভারত, যা বিশ্বকাপের ইতিহাসে যৌথ সর্বোচ্চ।

বোলিংয়েও দাপট
ব্যাটিংয়ের পর বোলিংয়েও দাপট দেখান জসপ্রিত বুমরাহ। তিনি ১৫ রান দিয়ে ৪ উইকেট নেন, যা টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে বিরল কীর্তি। এর আগে ২০১২ সালে অজন্তা মেন্ডিস এই কীর্তি গড়েছিলেন।

সব মিলিয়ে ব্যাটিং–বোলিংয়ের সম্মিলিত দাপটে বিশ্বকাপ জয়ের পথে একের পর এক রেকর্ড গড়ে ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করল ভারত।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন