আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লিবিয়া ও গ্রিস উপকূল থেকে ৮ শরণার্থীর লাশ উদ্ধার

আমার দেশ অনলাইন

লিবিয়া ও গ্রিস উপকূল থেকে ৮ শরণার্থীর লাশ উদ্ধার

লিবিয়া ও গ্রিস উপকূল থেকে আট শরণার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। ত্রিপোলির কাছে তীরে ভেসে আসা পাঁচজন শরণার্থীর লাশ উদ্ধার করেছে লিবিয়া। এছাড়া ক্রিট উপকূলে পৃথক ঘটনায় আরো তিনজনের লাশ উদ্ধারের কথা জানিয়েছে গ্রিস কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, লিবিয়ার উপকূলীয় শহর কাসর আল-আখিয়ারের বাসিন্দারা শনিবার লাশগুলো খুঁজে পান। কাসর আল-আখিয়ার থানার তদন্তপ্রধান হাসান আল-গাওয়িল বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ‘আমরা যে লাশগুলো পেয়েছি, সেগুলো এখনো অক্ষত আছে। আরো লাশ সমুদ্রে ভাসছে বলে আমাদের ধারণা।’

বিজ্ঞাপন

এর আগে পশ্চিম ত্রিপোলির জুওয়ারা শহরের উপকূলে ৫৫ জনকে বহনকারী একটি রাবার নৌকা ডুবে যাওয়ার পর ⁠দুই শিশুসহ প্রায় ৫৩ জন অভিবাসী নিহত বা নিখোঁজ হয়। এর কয়েক সপ্তাহ পর এই মর্মান্তিক ঘটনা ঘটল।

এদিকে, শনিবার অ্যাথেন্স নিউজ এজেন্সি জানিয়েছে, ক্রিট উপকূলে অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের বহনকারী একটি কাঠের নৌকা ডুবে যায়। কর্তৃপক্ষ তিনজনের লাশ এবং কমপক্ষে ২০ জনকে জীবিত উদ্ধার করেছে। সংস্থাটি জানিয়েছে, বেঁচে যাওয়াদের বেশির ভাগই মিশরীয় এবং সুদানী নাগরিক। তাদের মধ্যে চারজন নাবালকও রয়েছে।

ইআরটি অনুসারে, বেঁচে থাকা ব্যক্তিরা জানিয়েছেন যে কাঠের নৌকায় প্রায় ৫০ জন ছিলেন। এই এলাকায় প্রায় ৪০ জন অভিবাসী এবং শরণার্থী বহনকারী আরেকটি নৌকা দেখা গেছে। এ কারণে আরেকটি উদ্ধার অভিযান শুরু হয়েছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন