কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শুধু আরেকটি প্রযুক্তিগত সরঞ্জাম নয়; এটি মানুষের জীবন, কর্মক্ষেত্র, রাজনীতি, জ্ঞানচর্চা এমনকি মানবসত্তার ধারণাকেও নতুনভাবে সংজ্ঞায়িত করছে। এমন সতর্কবার্তাই দিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় প্রধান পোপ লিও চতুর্দশ।
২০২৬ সালের ১৫ মে প্রকাশিত তার প্রথম এনসাইক্লিক্যাল ‘ম্যাগনিফিকা হিউম্যানিটাস’-এ পোপ বলেন, শিল্পবিপ্লবের সময় যেমন যন্ত্র, শ্রমশোষণ ও পুঁজির অসম বণ্টন নিয়ে নৈতিক প্রশ্ন উঠেছিল, তেমনি বর্তমান যুগের নতুন ‘সামাজিক প্রশ্ন’ হয়ে উঠেছে অ্যালগরিদম ও কৃত্রিম বুদ্ধিমত্তা।
পোপের মতে, প্রশ্ন এখন শুধু এআই কী করতে পারে তা নয়; বরং এটি কেমন পৃথিবী তৈরি করছে এবং সেই প্রক্রিয়ায় কারা মূল্য দিচ্ছে। তার এই বক্তব্যের প্রতিধ্বনি শোনা যাচ্ছে মুসলিম বিশ্বেও। যদিও ইসলামে ক্যাথলিক চার্চের মতো একক কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষ নেই, তবুও বিভিন্ন দেশে এআই, নৈতিকতা ও মানবমর্যাদা নিয়ে আলোচনা ক্রমেই গুরুত্ব পাচ্ছে।
কাতারের দোহায় ইসলামী নীতিশাস্ত্রের গবেষকেরা নৈতিক দায়বদ্ধতা ও মানবিক জবাবদিহিতা নিয়ে কাজ করছেন। মালয়েশিয়ায় নতুন প্রযুক্তি নিয়ে ইসলামী নীতিমালার আলোচনায় গুরুত্ব দেওয়া হচ্ছে। অন্যদিকে ইন্দোনেশিয়ার ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ডিজিটাল জীবন, এআই-নির্ভর ধর্মীয় পরামর্শ এবং স্বয়ংক্রিয় প্রযুক্তির সামাজিক প্রভাব নিয়ে আলোচনা শুরু করেছে।
বিশেষজ্ঞদের মতে, ক্যাথলিক ও ইসলামী চিন্তাধারা ভিন্ন ভাষায় কথা বললেও একটি মৌলিক বিষয়ে তারা একমত মানুষকে কেবল তথ্য, উৎপাদনশীলতা বা উপযোগিতার ভিত্তিতে মূল্যায়ন করা যায় না।
ক্যাথলিক বিশ্বাসে মানবমর্যাদা আসে মানুষের ঈশ্বরপ্রদত্ত সত্তা থেকে। অন্যদিকে ইসলামী দর্শনে ‘তাকরিম’ (মানবজাতির সম্মান), ‘খিলাফাহ’ (পৃথিবীতে মানুষের প্রতিনিধিত্ব) এবং ‘আমানাহ’ (নৈতিক দায়িত্ব) ধারণাগুলো মানুষের মর্যাদা ও দায়বদ্ধতার ভিত্তি হিসেবে বিবেচিত হয়। ফলে কোনো মানুষ তার নৈতিক দায়িত্ব একটি যন্ত্রের ওপর ন্যস্ত করতে পারে না।
এআই নিয়ে ইসলামী চিন্তায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ‘তাওহিদ’ বা আল্লাহর একত্ববাদ। ইসলামী চিন্তাবিদদের মতে, যদি একমাত্র আল্লাহই সর্বময় ক্ষমতার অধিকারী হন, তাহলে কোনো প্রযুক্তি, বাজার বা অ্যালগরিদমকে চূড়ান্ত নিয়তি হিসেবে গ্রহণ করা যায় না। এআই মানুষের তৈরি একটি উপকরণ, কোনো পূজ্য শক্তি নয়।
তবে এআই বিতর্ক কেবল ধর্মতাত্ত্বিক নয়, রাজনৈতিকও। কে তথ্যের মালিক, কে অ্যালগরিদম নিয়ন্ত্রণ করছে, কে মুনাফা পাচ্ছে এবং এর মানবিক মূল্য কে দিচ্ছে এসব প্রশ্ন ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
পোপ লিও চতুর্দশ সতর্ক করে বলেন, এআই-সংশ্লিষ্ট ক্ষমতা ক্রমশ কয়েকটি বৃহৎ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে কেন্দ্রীভূত হচ্ছে। তথ্য, প্ল্যাটফর্ম, পেটেন্ট ও প্রযুক্তিগত অবকাঠামো নতুন ধরনের বৈশ্বিক আধিপত্যের ভিত্তি হয়ে উঠছে। এর ফলে জ্ঞান, কর্মসংস্থান ও দৃশ্যমানতার নিয়ন্ত্রণও সীমিত কয়েকটি শক্তির হাতে চলে যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, এই বাস্তবতা মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর জন্য বিশেষ উদ্বেগের বিষয়। বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে সংগৃহীত তথ্য দিয়ে এআই মডেল তৈরি হলেও সিদ্ধান্ত গ্রহণ ও মুনাফার কেন্দ্র থাকে অন্যত্র। একই সঙ্গে আরবি, মালয় বা ইন্দোনেশীয় ভাষার তুলনায় ইংরেজিভিত্তিক তথ্যের আধিক্য প্রযুক্তিতে সাংস্কৃতিক পক্ষপাত তৈরি করতে পারে।
ইসলামী নীতিশাস্ত্রের গবেষকেরা মনে করেন, এআই নিয়ে আলোচনাকে শুধু ‘হালাল-হারাম’ প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। চ্যাটবট ধর্মীয় পরামর্শ দিতে পারবে কি না বা এআই শিক্ষা ও চিকিৎসায় ব্যবহার করা যাবে কি না এসব গুরুত্বপূর্ণ হলেও আরও বড় প্রশ্ন হলো, বর্তমান এআই অর্থনীতি কতটা ন্যায়সঙ্গত।
কারণ একটি এআই ব্যবস্থার আড়ালে থাকে বিপুল সংখ্যক অদৃশ্য শ্রমিক, যারা তথ্য শ্রেণিবিন্যাস, কনটেন্ট পর্যবেক্ষণ ও মডেল প্রশিক্ষণের কাজ করেন। তাদের অনেকেই স্বল্প বেতনে কাজ করেন এবং মানসিক চাপের শিকার হন। পাশাপাশি স্বয়ংক্রিয় প্রযুক্তির পেছনে রয়েছে জ্বালানি ব্যবহার, নজরদারি ব্যবস্থা, সামরিক চুক্তি ও বৈষম্য বৃদ্ধির মতো নানা বাস্তবতা।
ইন্দোনেশিয়ার ধর্মীয় সংগঠনগুলো সম্মিলিতভাবে নতুন সামাজিক প্রশ্ন নিয়ে আলোচনা করার যে চর্চা গড়ে তুলেছে, তা এআই নীতিশাস্ত্রের ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন গবেষকেরা। একইভাবে মালয়েশিয়ার ‘মাকাসিদ’ভিত্তিক চিন্তাধারা এবং আরব বিশ্বের নৈতিক গবেষণা প্রতিষ্ঠানগুলোর কাজও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
তাদের মতে, মুসলিম বিশ্বের মূল সমস্যা চিন্তার অভাব নয়, বরং বিচ্ছিন্নতা। বিভিন্ন অঞ্চল ও প্রতিষ্ঠানে মূল্যবান আলোচনা হলেও তা একটি সমন্বিত বৈশ্বিক সংলাপে রূপ নিতে পারেনি।
বিশ্লেষকদের মতে, এআই যুগে মানবমর্যাদার প্রশ্ন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যখন কোনো শ্রমিককে এমন অ্যালগরিদম নিয়ন্ত্রণ করে যার বিরুদ্ধে আপত্তি জানানোর সুযোগ নেই, যখন কোনো শরণার্থীকে একটি ঝুঁকির স্কোরে সীমাবদ্ধ করা হয়, কিংবা যখন যুদ্ধক্ষেত্রে প্রাণঘাতী সিদ্ধান্ত যন্ত্রের হাতে তুলে দেওয়া হয় তখনই মানবমর্যাদার প্রকৃত পরীক্ষা শুরু হয়।
তাদের ভাষায়, মানবমর্যাদার ভবিষ্যৎ নির্ধারিত হবে তখনই, যখন ধর্ম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রযুক্তির মুখোমুখি দাঁড়িয়ে মনে করিয়ে দেবে কোনো যন্ত্র, বাজার বা ক্ষমতাকেন্দ্র মানুষের মর্যাদাকে কখনোই একটি তথ্যফাইল বা সংখ্যায় পরিণত করতে পারে না।
সূত্র: মিডল ইস্ট আই
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তির ঘটনায় প্রিন্স রায় গ্রেপ্তার
ইসরাইলি দখলদারত্বের অবসান ছাড়া কিছু মেনে নেব না