আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের প্রতি সমর্থনে বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুতিদের

আমার দেশ অনলাইন

ইরানের প্রতি সমর্থনে বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুতিদের
ছবি: সংগৃহীত।

ইরানে মার্কিন-ইসরাইলি যৌথ হামলা ১৬তম দিনে পড়েছে। এদিকে ইরানও তীব্রভাবে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে ইরানের প্রতি সমর্থন জানিয়ে ‘বাব আল-মান্দেব’ প্রণালি বন্ধ করার হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি (আনসার আল্লাহ মুভমেন্ট) বিদ্রোহীরা। ইরানে চলমান ইসরাইল-মার্কিন অভিযানে সমর্থন দেওয়া হলে এই প্রণালি বন্ধ করে দেওয়া হবে।

বিজ্ঞাপন

হুতি সামরিক বাহিনীর কর্মকর্তা আবেদ আল-থাওর শনিবার বলেন, হস্তক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হলে প্রথম পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করা হতে পারে।

প্রেস টিভির উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দিকে যাওয়া বাণিজ্যিক জাহাজ ও যুদ্ধজাহাজ—এমনকি বিমানবাহী রণতরীও—আটকে দেওয়া হতে পারে।

তিনি আরো জানান, আরেকটি সম্ভাব্য পদক্ষেপ হিসেবে হুতিরা ইসরাইলের বন্দরমুখী সব জাহাজের জন্য বাব আল-মান্দেব প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার বিষয়টিও বিবেচনা করছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করে। এতে তেহরানসহ ইরানের কয়েকটি বড় শহরে হামলা চালানো হয়। হোয়াইট হাউস দাবি করে, ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক হুমকির কারণে এই অভিযান চালানো হয়েছে।

এর জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পাল্টা অভিযান শুরু করার ঘোষণা দেয় এবং ইসরাইলের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায়। প্রতিবেদনে আরও বলা হয়, বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও হামলা হয়েছে।

এছাড়া যৌথ মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।

সূত্র: তাস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন