আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভারতে আম আদমি পার্টির নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

আমার দেশ অনলাইন

ভারতে আম আদমি পার্টির নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

পাঞ্জাবের জলন্ধরে প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন আম আদমি পার্টির (আপ) নেতা লাকি ওবেরয়। শুক্রবার (৬ জানুয়ারি) সকালে শহরের মডেল টাউন এলাকার একটি গুরুদ্বারের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, গুরুদ্বারের বাইরে গাড়ি পার্ক করার সময় মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা লাকি ওবেরয়কে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। হামলায় তার শরীরে পাঁচটি গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হামলাকারীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। লাকি ওবেরয়ের স্ত্রী এর আগে আম আদমি পার্টির হয়ে পৌর নির্বাচনে প্রার্থী ছিলেন বলে জানা গেছে।

এই হত্যাকাণ্ডের পর পাঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিধানসভার বিরোধীদলীয় নেতা প্রতাপ সিং বাজওয়া মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে দায়ী করে বলেন, রাজ্যে আইনশৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। ক্ষমতাসীন দলের নেতারাই যদি নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়—এমন প্রশ্ন তোলেন তিনি।

এ ঘটনায় বিজেপি ও শিরোমণি আকালি দলের নেতারাও সরকারকে তীব্র ভাষায় সমালোচনা করেছেন। বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা এবং আকালি দল নেতা বিক্রম সিং মজিথিয়া অভিযোগ করেন, পাঞ্জাব ক্রমেই গ্যাংস্টারদের নিরাপদ আশ্রয়ে পরিণত হচ্ছে।

তাদের দাবি, মুখ্যমন্ত্রী ও পুলিশ প্রশাসনের ব্যর্থতার কারণেই দিনে-দুপুরে এ ধরনের হত্যাকাণ্ড ঘটছে। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান জোরদার করেছে।

সূত্র: এনডিটিভি

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...