যুক্তরাষ্ট্রের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস। আর যারা দেশটি ছাড়তে পারছেন না, তাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে তারা।
মঙ্গলবার সকালে প্রকাশিত এক নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস জানায়, যদি নিরাপদ মনে করেন, তবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বৈরুত রফিক হারিরি বিমানবন্দর ছেড়ে যেতে থাকা মিডল ইস্ট এয়ারলাইন্সের ফ্লাইটে দেশ ছাড়ার বিষয়টি “গুরুত্বের সঙ্গে বিবেচনা করা” উচিত।
গত এক সপ্তাহ ধরে বৈরুত ও লেবাননের দক্ষিণাংশ এলাকা ইসরাইলের অব্যাহত বোমাবর্ষণের আওতায় রয়েছে। ইসরাইল বলছে, তারা ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহকে লক্ষ্য করে এসব আক্রমণ চালাচ্ছে।
এদিকে, ইসরাইল আবার দক্ষিণ লেবাননের মানুষদের জরুরি-ভিত্তিতে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে, কারণ দেশটি ওই এলাকায় বিমান হামলা অব্যাহত রেখেছে।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র আভিচায় আদ্রেয়ি বলেন, লিতানি নদীর দক্ষিণে হেজবুল্লাহর তৎপরতার কারণে ইসরাইল “কঠোর” ব্যবস্থা নিচ্ছে।
তিনি এক্স-এ লিখেছেন, “আমরা আবারও জরুরি আহ্বান জানাচ্ছি—আপনারা অবিলম্বে আপনার ঘরবাড়ি ছাড়ুন এবং লিতানি নদীর উত্তরে চলে যান”।
সোমবার আইডিএফ জানায়, তারা লেবাননে আল-কার্দ আল-হাসান অ্যাসোসিয়েশন (একিউএএইচ)-এর লক্ষ্যবস্তুতে একাধিক হামলা চালিয়েছে; এটি হেজবুল্লাহ-সংশ্লিষ্ট একটি আর্থিক সংস্থা।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল পর্যন্ত এই মাসের শুরুর দিকে ইসরাইলি অভিযান শুরুর পর থেকে ৪৮৬ জন নিহত হয়েছে।
সূত্র: বিবিসি বাংলা
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

