আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রয়টার্স/ইপসসের জরিপ

ইরানে ট্রাম্পের হামলায় মার্কিনিদের সমর্থন আছে কি

আমার দেশ অনলাইন

ইরানে ট্রাম্পের হামলায় মার্কিনিদের সমর্থন আছে কি

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এ বিষয়ে প্রতি চারজন মার্কিন নাগরিকের মাত্র একজন সমর্থন জানিয়েছেন। গতকাল রোববার রয়টার্স/ইপসোসের এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপে দেখা গেছে, প্রায় অর্ধেক মার্কিন নাগরিক মনে করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক শক্তি ব্যবহারে অতি উৎসাহী। রিপাবলিকানদের প্রতি চারজনের একজনও তাই মনে করেন।

বিজ্ঞাপন

জরিপে অংশ নেওয়া ২৭ শতাংশ উত্তরদাতা এই হামলার প্রতি সমর্থন জানিয়েছেন। বিপরীতে ৪৩ শতাংশ এর বিরোধিতা করেছেন। ২৯ শতাংশ এ বিষয়ে কী মত দেবেন, তা নিয়ে নিশ্চিত নন বলে জানিয়েছেন।

গত শনিবার ভোরে শুরু হওয়া এ হামলার বিষয়ে জরিপে অংশগ্রহণকারীদের প্রায় ১০ জনের ৯ জন অন্তত কিছুটা শুনেছেন বলে জানিয়েছেন।

জরিপ অনুযায়ী, ৫৬ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় ট্রাম্প সামরিক শক্তি ব্যবহারে অতি উৎসাহী।

জরিপ অনুযায়ী, ডেমোক্র্যাটদের একটি বড় অংশ (৮৭ শতাংশ) একই মত পোষণ করেন। রিপাবলিকানদের মধ্যে ২৩ শতাংশ এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন—এমন ৬০ শতাংশ মানুষও একই মত দিয়েছেন।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা চলাকালেই এই জরিপ চালানো হয়। এই অভিযানে কোনো মার্কিন সেনার হতাহতের খবর আসার আগেই জরিপের কাজ শেষ হয়।

চলমান অভিযানে এখন পর্যন্ত তিন মার্কিন সেনা নিহত হয়েছেন। আর পাঁচজনের গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের এই হামলার জেরে মধ্যপ্রাচ্যে একটি নতুন ও অনিশ্চিত সংঘাত শুরু হয়েছে।

রিপাবলিকানদের ৫৫ শতাংশ এই হামলায় সমর্থন দিয়েছেন। আর ১৩ শতাংশ বিরোধিতা করেছেন।

তবে জরিপে দেখা গেছে, ট্রাম্পের নিজের দলের ৪২ শতাংশ মানুষ একটি শর্ত দিয়েছেন। তারা বলেছেন, এবার মধ্যপ্রাচ্যে কোনো মার্কিন সেনা নিহত বা আহত হলে এই অভিযানের প্রতি তাদের সমর্থন কমে যেতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন