মাদক খুঁজতে গিয়ে পাবলো পিকাসোর চিত্রকর্ম উদ্ধার করল পুলিশ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

মাদক খুঁজতে গিয়ে পাবলো পিকাসোর চিত্রকর্ম উদ্ধার করল  পুলিশ

প্যারিসের শহরতলির একটি বাড়িতে মাদক খুঁজতে গিয়ে অভিযান চালানোর সময় ফরাসি পুলিশ স্প্যানিশ চিত্রশিল্পী পাবলো পিকাসোর একটি চিত্রকর্ম উদ্ধার করেছে বলে জানা গেছে। শনিবার দেশটির প্রসিকিউটররা এ তথ্য জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপির।

বিজ্ঞাপন

প্যারিসের দক্ষিণ-পূর্বে অবস্থিত ক্রেতেইলের সরকারি কৌঁসুলির কার্যালয় জানায়, ‘মাদক পাচার সংক্রান্ত একটি তদন্তের অংশ হিসেবে পরিচালিত তল্লাশির সময় এই চিত্রকর্মটি পাওয়া যায়।’

তারা আরও জানায়, ঘটনাটিকে কেন্দ্র করে চুরি ও চোরাই মালামাল কেনাবেচার অভিযোগে তদন্ত শুরু করা হয়েছে।

সরকারি কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, শুক্রবার এই মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার জনকে তাৎক্ষণিক শুনানির জন্য আদালতে হাজির করা হয়।

ফরাসি সংবাদপত্র লে প্যারিসিয়েন-এর তথ্য অনুযায়ী জানা গেছে, প্যারিসের পূর্বে অবস্থিত শহর শাম্পিনি-সুর-মার্নে সোমবার তদন্তকারীরা এই তল্লাশি অভিযান চালায়।

সংবাদপত্রটি জানিয়েছে, পিকাসোর চিত্রকর্মটির পাশাপাশি গাঁজা, দামি পোশাক ও কয়েক হাজার ইউরো জব্দ করেছে পুলিশ ।

ক্রেতেইলের প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, চিত্রকর্মটি স্প্যানিশ চিত্রশিল্পীর একটি আসল কাজ হিসেবে নিশ্চিত করা হয়েছে, তবে এটি কোন নির্দিষ্ট চিত্রকর্ম, তা তারা উল্লেখ করেনি।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন