বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত করদাতা হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি মাস্ক নিজেই জানিয়েছেন, তার জীবদ্দশায় তিনি মোট ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি কর পরিশোধ করবেন। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৮৫২ বিলিয়ন ডলার, যা তাকে এই অনন্য রেকর্ডের দিকে নিয়ে যাচ্ছে।
মাস্কের সম্পদের এই আকাশচুম্বী বৃদ্ধির পেছনে মূল ভূমিকা রেখেছে তার রকেট কোম্পানি স্পেসএক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআইয়ের সাম্প্রতিক একীভূতকরণ। এই চুক্তির ফলে নতুন গঠিত কোম্পানির বাজারমূল্য দাঁড়িয়েছে ১.২৫ ট্রিলিয়ন ডলার। মার্জারের প্রভাবে মাত্র এক দিনে মাস্কের ব্যক্তিগত সম্পদ ৮৪ বিলিয়ন ডলার বৃদ্ধি পায়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিওর প্রতিক্রিয়ায় মাস্ক কর প্রদানের বিষয়টি নিয়ে কৌতুক করে বলেন, ইতিমধ্যে তিনি ১০ বিলিয়ন ডলারের বেশি কর দিয়েছেন এবং এর জন্য অন্তত একটি ছোট ট্রফি তার প্রাপ্য ছিল। তিনি আরও উল্লেখ করেছেন, মৃত্যুর আগপর্যন্ত তার মোট কর প্রদানের পরিমাণ ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।
বর্তমানে বিশ্বের প্রথম ‘ট্রিলিয়নিয়ার’ হওয়ার দৌড়ে ইলন মাস্ক সবার চেয়ে এগিয়ে। তার পরবর্তী প্রতিদ্বন্দ্বীরা যেখানে ১০০ থেকে ২৫০ বিলিয়ন ডলারের ঘরে অবস্থান করছেন, সেখানে মাস্কের সম্পদ তাদের তুলনায় কয়েক গুণ বেশি। এছাড়া টেসলা থেকে প্রাপ্ত নতুন সুযোগ-সুবিধা এবং শেয়ারের লক্ষ্যমাত্রা অর্জিত হলে আগামী ১০ বছরে তার সম্পদ আরও বহুগুণ বাড়ার সম্ভাবনা রয়েছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

