আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাঁশ, কাঠ দিয়ে শহীদ মিনার তৈরি করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

বাঁশ, কাঠ দিয়ে শহীদ মিনার তৈরি করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা

​সুনামগঞ্জের শাল্লা উপজেলার প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি চাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯১৭ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় ১০৯ বছরে পদার্পণ করলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এখানে। আধুনিক শিক্ষার যুগে এসে যেখানে জেলার প্রতিটি উপজেলায় দৃষ্টিনন্দন নতুন ভবন নির্মিত হচ্ছে, সেখানে এই শতবর্ষী প্রতিষ্ঠানটি আজও জরাজীর্ণ ও অবহেলিত। এমনকি একটি স্থায়ী শহীদ মিনার না থাকায় শিক্ষার্থীরা প্রতি বছর বাঁশ ও কাঠ দিয়ে অস্থায়ী মিনার তৈরি করে ভাষাশহীদদের শ্রদ্ধা জানায়।

বিজ্ঞাপন

শনিবার সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের অবকাঠামো অত্যন্ত নড়বড়ে। ছাদের প্লাস্টার খসে পড়ছে, দেয়ালে দেখা দিয়েছে বড় বড় ফাটল। সামান্য বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে শ্রেণিকক্ষ প্লাবিত হয়। এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান ও গ্রহণ করে আসছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

স্থানীয় অভিভাবক সমর দাস বলেন, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে জেনেও নিরুপায় হয়ে তারা সন্তানদের এই বিদ্যালয়ে পাঠাচ্ছেন।

​বিদ্যালয়টিতে কোনো স্থায়ী শহীদ মিনার নেই। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যখন সারা দেশ শ্রদ্ধায় অবনত হয়, তখন এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে সংগৃহীত বাঁশ, কাঠ ও কাগজ দিয়ে শহীদ মিনার তৈরি করে। কোমলমতি শিক্ষার্থীদের এই দেশপ্রেম প্রশংসনীয় হলেও একটি সরকারি প্রতিষ্ঠানে স্থায়ী শহীদ মিনার না থাকা নিয়ে ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী।

​বিদ্যালয়ের বর্তমান সংকট নিয়ে প্রধান শিক্ষক অসীম কুমার সিংহ বলেন, ‘আমাদের এই বিদ্যাপীঠ অত্র এলাকার শিক্ষা বিস্তারে শত বছরের সাক্ষী। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, জেলার অন্যান্য প্রান্তরে আধুনিক বহুতল ভবন নির্মিত হলেও আমরা বরাবরের মতোই উন্নয়নবঞ্চিত। আমাদের শিক্ষার্থীরা শহীদদের শ্রদ্ধা জানাতে নিজেদের হাতে বাঁশ-কাঠের মিনার বানায়—এটি যেমন গর্বের, তেমনি কর্তৃপক্ষের অবহেলার এক বড় প্রমাণ। আমরা বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি, কিন্তু আজো কোনো নতুন ভবন বা শহীদ মিনার নির্মাণের আশ্বাস বাস্তবায়ন হয়নি।

​এলাকাবাসীর দাবি, উপজেলার অন্যান্য স্কুলে সরকারি বরাদ্দ পৌঁছালেও চাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন বঞ্চিত হচ্ছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। হাওরবেষ্টিত এই অঞ্চলের পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে এখানে অবিলম্বে একটি আধুনিক ভবন ও স্থায়ী শহীদ মিনার স্থাপন করা জরুরি।

​চাকুয়া গ্রামের বাসিন্দারা মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এবং জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত এই বিদ্যালয়ের অবকাঠামো সংস্কার ও উন্নয়নের দাবি জানিয়েছেন। তারা মনে করেন, শিক্ষার পরিবেশ উন্নত না হলে এই প্রাচীন প্রতিষ্ঠানটি বিলীন হয়ে যেতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...