‘ধর্ম যার যার, দেশটা সবার’—এমন মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
১৯ অক্টোবর রাতে টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিভিন্ন পূজারমণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে বসবাস করবে। ধর্ম-বর্ণনির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালনের পরিবেশ বজায় রাখা সরকারের অঙ্গীকার।
মন্ত্রী শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা এবং উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ পরিচালনায় সাফল্য কামনায় সবার কাছে দোয়া চান।
এ সময় মন্ত্রী মধুপুরের শ্রীশ্রী মদন গোপাল দেব বিগ্রহ আঙিনা পূজামণ্ডপ, সৎসংঘ পূজামণ্ডপ, বিড়ি ফ্যাক্টরিসংলগ্ন পূজামণ্ডপ, ঘোষ পল্লী পূজামণ্ডপ, চৌধুরীপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় টাঙ্গাইলের পুলিশ সুপার শামসুল আলম সরকার, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স, খন্দকার আব্দুল মোতালিবসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

