সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান জানিয়েছেন, তার ডান চোখে মাত্র ১৫ শতাংশ দৃষ্টিশক্তি অবশিষ্ট রয়েছে। সুপ্রিম কোর্টে জমা দেওয়া একটি মেডিকেল রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে। পিটিআইয়ের আইনজীবী সালমান সফদারের জমা দেওয়া সাত পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে, আদালতে ইমরান খান জানিয়েছেন, তার চোখে রক্ত জমাট বাঁধা ধরা পড়েছে, যা চোখের জন্য গুরুতর ক্ষতিকর। এ রোগের জন্য ইনজেকশনসহ যাবতীয় চিকিৎসা করা হলেও তার ডান চোখে মাত্র ১৫ শতাংশ দৃষ্টিশক্তি অবশিষ্ট রয়েছে।
আদালত সফদারকে ইমরান খানের এমিকাস কিউরি নিয়োগ করেছেন। এ জন্য সফদার ইমরান খানের সঙ্গে আদিয়ালা কারাগারে দেখা করতে অনুমতি পেয়েছেন। একই সঙ্গে তার চোখের অবস্থা জানিয়ে ১১ ফেব্রুয়ারি একটি প্রতিবেদন আদালতে জমা দেন।
পিটিআই প্রতিষ্ঠাতাকে সম্প্রতি চোখের চিকিৎসার জন্য পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিমস) স্থানান্তর করা হয়েছে। তবে ইমরানের চিকিৎসা সম্পর্কে তার পরিবার বা দলকে কোনো কিছু অবহিত করা হয়নি।
জিও নিউজের কাছে পাওয়া প্রতিবেদন অনুসারে ইমরান জোর দিয়ে বলেছেন, ৭৩ বছর বয়স এবং একাধিক ক্ষেত্রে মামলা-মোকদ্দমায় জড়িত থাকা সত্ত্বেও তিনি এর আগে কখনো তার ব্যক্তিগত স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা উত্থাপন করেননি। ইমরান খান জানিয়েছেন, প্রায় তিন থেকে চার মাস আগে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত তার উভয় চোখেই স্বাভাবিক দৃষ্টিশক্তি ছিল। এরপর তিনি ক্রমাগত ঝাপসা দেখতে শুরু করেন, যা তিনি বারবার তৎকালীন জেল সুপারিনটেনডেন্টকে জানিয়েছিলেন। তবে এই অভিযোগগুলো সমাধানের জন্য কারা কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি।
কারাগারে থাকা পিটিআই প্রতিষ্ঠাতা সফদারকে বলেছিলেন, পরবর্তীতে তার ডান চোখে হঠাৎ করে সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। পিমসের একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ তাকে পরীক্ষা করে দেখেন, তার চোখে রক্ত জমাট বাঁধা রয়েছে, যা উল্লেখযোগ্য ক্ষতির কারণ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


স্কুলে যাওয়ার বদলে জীবন বাঁচাতেই ব্যস্ত গাজার শিশুরা