ইসরাইলি হামলার প্রতিবাদে স্টকহোমে বিক্ষোভ, মানুষ হত্যা বন্ধের দাবি

ইসরাইলি হামলার প্রতিবাদে স্টকহোমে বিক্ষোভ, মানুষ হত্যা বন্ধের দাবি

গাজা ও লেবাননে ইসরাইলের চলমান হামলার প্রতিবাদে সুইডেনের রাজধানী স্টকহোমে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। শনিবার কয়েকটি নাগরিক সংগঠনের আহ্বানে ওডেনপ্লান স্কয়ারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা ইসরাইলের হামলা বন্ধ, গাজায় খাদ্যসংকট নিরসন এবং বেসামরিক মানুষ হত্যা বন্ধের দাবি জানান। তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার ছিল। গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ইসরাইলি হামলা ও সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন তারা।

বিজ্ঞাপন

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, গত ৪৮ ঘণ্টায় আরও ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন ১৮ জন। ধ্বংসস্তূপ ও সড়কে আরও বহু মানুষ আটকে থাকলেও অ্যাম্বুলেন্স ও উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না বলে জানিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের দেওয়া হিসাবে, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরাইলের কথিত লঙ্ঘনে গাজায় ১ হাজার ৩১৩ জন নিহত ও ৪ হাজার ৩৬১ জন আহত হয়েছেন। ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি সামরিক অভিযানে গাজায় মোট নিহত ৭৩ হাজার ৪৪৯ এবং আহত ১ লাখ ৭৪ হাজার ৪৭২ জনে দাঁড়িয়েছে বলে দাবি করা হয়েছে।

বিক্ষোভকারীরা গাজার বেসামরিক মানুষের দুর্ভোগ, খাদ্যসংকট ও অব্যাহত সহিংসতার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকার আহ্বান জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন