নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বঙ্গবন্ধু সড়কে হকার উচ্ছেদ অভিযান শুরুতে সফল হলেও কয়েক সপ্তাহের ব্যবধানে আবারও পুরোনো অবস্থায় ফিরে এসেছে। সন্ধ্যা নামলেই ফুটপাত ও সড়কের বিভিন্ন অংশে আগের মতোই জায়গা দখল করে বসে পড়ছেন হকাররা। সড়ক ও ফুটপাতে অবৈধ দখলদারদের দৌরাত্ম্যে পথচারীদের চলাচলে ভোগান্তি ও যানজট তীব্র আকার ধারণ করেছে। এসব সমস্যা সমাধানে নগরবাসীকে কথা দিলেও কথা রাখতে পারেননি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান।
গত ১৩ এপ্রিল সিটি করপোরেশনের অভিযানে শহরের চাষাঢ়া থেকে দুই নম্বর রেলগেট পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করা হয়েছিল। দীর্ঘদিন পর পথচারীরা স্বস্তিতে হাঁটতে পারলেও সে পরিস্থিতি স্থায়ী হয়নি। বর্তমানে আগের মতোই চাষাঢ়া, কালীরবাজার, শহীদ মিনার এলাকা ও রেলগেটসহ বিভিন্ন পয়েন্টে বিকাল থেকে রাত পর্যন্ত ভ্রাম্যমাণ দোকান বসতে দেখা যায়।
স্থানীয়দের অভিযোগ, দিনের বেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সন্ধ্যার পর প্রশাসনের নজরদারি কমে গেলে হকাররা আবারও ফুটপাত ও সড়ক দখল করে নেয়। এতে শুধু পথচারী নয়, যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটে।
অন্যদিকে নগরীর অন্যতম বড় সমস্যা অনিয়ন্ত্রিত অটোরিকশা। যত্রতত্র যাত্রী ওঠানামা, অবৈধ পার্কিং এবং শৃঙ্খলার অভাবে শহরের প্রধান সড়কগুলোতে দীর্ঘ যানজট তৈরি হয়। অটোরিকশার জন্য আধুনিক নম্বর প্লেট ও চালক পরিচয়পত্র চালুর ঘোষণা দেওয়া হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি।
নগরবাসীর অভিযোগ, স্থায়ী পরিকল্পনা এবং কঠোরভাবে এর বাস্তবায়ন ছাড়া সমস্যার সমাধান সম্ভব নয়। হকারদের পুনর্বাসন এবং অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণ করা না হলে একই পরিস্থিতি বারবার ফিরে আসবে।
সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, অটোরিকশা নিয়ন্ত্রণে লাইসেন্সিং ও নীতিমালা প্রণয়নের কাজ চলমান রয়েছে। তবে মাঠপর্যায়ে এর দৃশ্যমান বাস্তবায়ন এখনো শুরু হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, শহরের ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে জীবিকার তাগিদে অনেক হকার পুনরায় এসে বসছেন। বিষয়টি মানবিক ও প্রশাসনিক দুদিক থেকেই বিবেচনা করতে হয়।
তিনি আরো বলেন, আমরা স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছি। নগরবাসীর চলাচলের সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা আরো জোরদার করা হবে। ফুটপাত পথচারীদের জন্য, তাই জনস্বার্থে হকারমুক্ত পরিবেশ গড়ে তুলতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

