যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় রাজ্য ইন্ডিয়ানায় ভয়াবহ ঝড় ও বন্যায় নিহত হয়েছেন অন্তত পাঁচজন । পানিতে ডুবে যাওয়া বাড়িঘর থেকে মানুষকে নৌকা ব্যবহার করে উদ্ধার করা হচ্ছে।
ইন্ডিয়ানাপোলিসের মধ্য দিয়ে প্রবাহিত হোয়াইট রিভারসহ কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে আশপাশের এলাকা প্লাবিত করেছে। ইন্ডিয়ানাপোলিসের মেয়র জো হগসেট বলেছেন, গত ৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে এটি ওই এলাকার সবচেয়ে ভয়াবহ বন্যা।
দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, কিছু এলাকায় মাত্র দুই দিনে ২৮০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে।
ইন্ডিয়ানার গভর্নর মাইক ব্রাউন শুক্রবার প্রেসিডেন্টের কাছে জরুরি অবস্থা ঘোষণার অনুরোধ জানান, যাতে রাজ্যটি আরও বেশি ফেডারেল সহায়তা পেতে পারে।
শনিবার তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই অনুরোধ অনুমোদনের ব্যাপারে সম্মতি দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ব্রাউন বলেন, ইন্ডিয়ানায় ভয়াবহ ঝড় ও নজিরবিহীন বন্যার কারণে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ফেডারেল সরকার সহযোগিতা করবে।
এদিকে, ডেলাওয়্যার কাউন্টির শেরিফের কর্মকর্তারা শুক্রবার ৫৮ বছর বয়সি এক নারীর লাশ উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, বন্যার পানির মধ্য দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করার সময় তিনি মারা যান।
এ ছাড়া জেনিংস কাউন্টিতে একটি গাছ বাড়ির ওপর পড়ে চার বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। নদীতে ঝাঁপ দেওয়ার পর বুধবার থেকে নিখোঁজ থাকা এক কিশোরের লাশও উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


