ধ্বংসের পথে কয়রার কান্তরাম জমিদার বাড়ি

ধ্বংসের পথে কয়রার কান্তরাম জমিদার বাড়ি
৩০০ বছরের পুরোনো কান্তরাম মণ্ডলের জমিদার বাড়ি। আমার দেশ

সুন্দরবন উপকূলীয় জনপদ খুলনার কয়রায় কপোতাক্ষ নদের পাশে শেওড়া গ্রামে লোকচক্ষুর অন্তরালে অযত্নে পড়ে আছে ৩০০ বছরের পুরোনো কান্তরাম মণ্ডলের জমিদার বাড়ি। এই বাড়িটি অযত্নে-অবহেলায় এখন ধ্বংসের মুখে পড়েছে । রক্ষণাবেক্ষণের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না ।

স্থানীয় সূত্রে জানা গেছে, অষ্টাদশ শতকের শুরুর দিকে সুন্দরবন আবাদ করে কান্তরাম মণ্ডল জমিদারির গোড়াপত্তন শুরু করেন। দুইতলা বিশিষ্ট এই বাড়িটিতে ১০টি কক্ষ রয়েছে। সুদীর্ঘ বছর সংস্কার না হওয়ার কারণে বাড়ির দ্বিতীয় তলার ছাদে ভাঙন ধরে ছাদজুড়ে নানান ধরনের আগাছা জন্মেছে। সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বাড়ির পুরোটা জরাজীর্ণ হয়ে পড়েছে। বর্তমানে বেঁচে থাকা বংশধরদের মধ্যে কান্তরাম জমিদারের চতুর্থ প্রজন্মের একমাত্র নাতি ৯১ বছর বয়সি অশ্বিনী মণ্ডল ঐতিহাসিক এ বাড়িটির স্মৃতি আঁকড়ে ধরে আছেন।

বিজ্ঞাপন

বাগালীর শেওড়া গ্রামের বাসিন্দা অহিদুল আলম জানায়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাকহানাদার বাহিনীর দোসররা কান্তরাম জমিদারের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক লুটতরাজ করেছিল। বাড়ির দেয়ালে অসংখ্য গুলির দাগ আজও হামলার স্মৃতি বহন করে আসছে। প্রচারের অভাবে লোকচক্ষুর আড়ালে থাকা এ নিদর্শনটি রক্ষা করতে স্থানীয় সুধীজনরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেন।

প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক মহিদুল ইসলাম জানান, কান্তরাম জমিদার বাড়ির পরিচয় অজানা ছিল। বাড়িটি পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি মন্তব্য করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন