কক্সবাজারের চকরিয়ায় বাড়ির পার্শ্ববর্তী গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাশেদা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাশেদা বেগম ওই এলাকার মোহাম্মদ ইসহাকের স্ত্রী।
নিহত গৃহবধূর পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী একটি গাছের ডাল কাটতে যায় রাশেদা বেগম। ওই সময় অসাবধনতাবশত গাছের ডালটি বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া পল্লী বিদ্যুতের লাইনে গিয়ে পড়ে। তখন মুহূর্তের মাঝেই পুরো গাছটি বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় কাঁচা গাছে ছড়িয়ে পড়া বিদ্যুৎস্পৃষ্টে মারা যান রাশেদা বেগম।
নিহতের স্বামী ইসহাক বলেন, দুপুরের দিকে হঠাৎ একটা বিকট শব্দ শুনে আমরা ঘর থেকে দৌড়ে বাহিরে বের হই। এসে দেখি বাড়ির উঠানেই অচেতন হয়ে পড়ে আছে আমার স্ত্রী রাশেদা বেগমের নিথর দেহ। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
হারবাং পুলিশ ফাঁড়ি ইনচার্জ শওকত হোসেন বলেন, হারবং ইউনিয়নের শান্তিনগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে রাশেদা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান রয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

