নওগাঁয় মোটরসাইকেলের সাইলেন্সর পরিবর্তন করে বিকট শব্দ তৈরির মাধ্যমে আতঙ্ক সৃষ্টির অপরাধে সাকলাইন মোস্তাক নামে এক বখাটে কিশোরের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্কের গেটে ওই কিশোরকে আটক করে এই জরিমানা করা হয়।
সাকলাইন মোস্তাক বগুড়া জেলার আদমদীঘি থানার দেলুনজো গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তারা সপরিবারে নওগাঁ শহরের চকদেব জনকল্যাণ মহল্লায় ভাড়া বাড়িতে বসবাস করে।
স্থানীয়রা জানান, বখাটে ওই কিশোর গত কয়েক দিন ধরে সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেল নিয়ে শহরের বিভিন্ন সড়কে বিকট শব্দ করে চলাচল করছিল। এতে পথচারীদের মধ্যে ভয় ও আতঙ্ক বিরাজ করছিল। মঙ্গলবার দুপুর ১২টার দিকে স্থানীয় কয়েকজন শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্কের গেটের কাছে মোটরসাইকেলটি আটক করে ট্রাফিক পুলিশকে সংবাদ দেয়। পরে ট্রাফিক পুলিশ এসে মোটরসাইকেলটি জব্দ এবং কিশোরের বিরুদ্ধে মামলা করে।
নওগাঁ ট্রাফিক পুলিশের সার্জেন্ট জগদীশ চন্দ্র বলেন, মোটরসাইকেলের সাইলেন্সর পরিবর্তন করে ওই বাহনের শব্দ বাড়ানো হয়, সড়ক পরিবহন আইন অনুযায়ী যা আইনবিরোধী। তাছাড়া ড্রাইভিং না থাকাসহ সাইলেন্সর পরিবর্তন করে বিকট শব্দ করায় তার বিরুদ্ধে মামলা দিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

