আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শুরু হচ্ছে দীর্ঘ ছুটি

নাড়ির টানে গ্রামের পথে মানুষের ঢল

বেলাল হোসেন

নাড়ির টানে গ্রামের পথে মানুষের ঢল
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সোমবার ট্রেনে উঠতে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের হুড়োহুড়ি। ছবি: জসীম উদ্দীন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হচ্ছে আজ। নাড়ির টানে গ্রামের পথে ছুটছে মানুষ। ইতোমধ্যে ফাঁকা হতে শুরু করেছে রাজধানী। ঈদযাত্রার প্রথম দিনে বাস, ট্রেন ও লঞ্চে ঘরমুখী মানুষের ঢল লক্ষ করা গেছে। শুরুর দিকে সময়মতো যানবাহনগুলো ঢাকা ছেড়েছে। তবে পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, সময় যত গড়াবে, রাস্তায় চাপ তত বাড়বে। এতে যানজট বাড়বে।

গতকাল সোমবার সরকারি অফিসগুলোতে ছিল শেষ কর্মদিবস। সচিবালয়ের পাশাপাশি বিভিন্ন অফিসে দেখা গেছে, কর্মচারীরা তাদের ব্যাগ গুছিয়ে নিয়ে অফিসে এসেছেন। এর মধ্যে যাদের গন্তব্যস্থল অনেক দূরে, তারা অফিসের কাজ সকাল-সকাল গুছিয়ে গ্রামের পথে রওনা দেন।

বিজ্ঞাপন

ঈদযাত্রা নিয়ে সচিবালয়ে কথা হয় কয়েকজন কর্মচারীর সঙ্গে। এদের মধ্যে দুজনের গন্তব্যস্থল রংপুর, একজন যাবেন রাঙ্গামাটি। তারা আমার দেশকে বলেন, ‘আমাদের অনেক পথ যেতে হবে। এ জন্য সকালে এসে দ্রুত অফিশিয়াল কাজ ঠিকঠাক করে গ্রামের উদ্দেশে রওনা দিলাম। এছাড়া বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠানেও গতকাল থেকে ঈদের ছুটি শুরু হয়।

ঈদযাত্রা উপলক্ষে গতকাল সড়ক ও সেতু, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সর্বোচ্চ সক্ষমতা নিয়ে সরকার কাজ করছে।

এবার সরকারি ছুটি সাত দিনের হলেও পোশাক কারখানায় এ ছুটি ৭-১০ দিনের মতো হচ্ছে। তবে ঈদে যানজট ও ভোগান্তি এড়াতে ধাপে ধাপে গাজীপুরের পোশাক কারখানাগুলো ছুটি দেওয়া হবে। পুলিশ ও পোশাক কারখানার মালিকদের সর্বসম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল বিকেলে অনেক পোশাক কারখানা ছুটি হয়ে যায়। ধারাবাহিকভাবে এই ছুটি ১৯ মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে। ফলে পোশাক কারখানার শ্রমিকেরা টানা চার দিন ধাপে ধাপে গন্তব্যে যেতে পারবেন। এতে তাদের গন্তব্যে পৌঁছাতে ভোগান্তি এবং যানজট এড়ানো সম্ভব হবে বলে কর্তৃপক্ষ আশা করছে। তবে এরই মধ্যে অনেকে তাদের পরিবার-পরিজন গ্রামে পাঠানো শুরু করে দিয়েছেন।

এদিকে ঈদে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান, পোশাক শ্রমিকদের ঈদ উদযাপনে গ্রামের বাড়িতে যেতে যেন কোনো প্রকার ভোগান্তি না হয় এবং যানজটের কবলে পড়তে না হয় সেজন্য গাজীপুরের পোশাক কারখানাগুলোতে একযোগে ছুটি না দিয়ে ধাপে ধাপে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই হিসাবে আজ (সোমবার) বিকাল থেকেই পোশাক শ্রমিকরা গ্রামের বাড়ি যাওয়া শুরু করেছেন।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার। তিনি বলেছেন, এবার ঈদে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে, যাতে যাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খল যাত্রা নিশ্চিত হয়। ঈদে বেশিরভাগ মানুষ ঢাকা ছেড়ে চলে যাবে। এ সময়ে কোনো অপরাধ, ছিনতাই, অজ্ঞান/মলম পার্টি বা অন্যান্য অপতৎপরতা সংঘটিত হতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

উল্লেখ্য, ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চ ছুটি ঘোষণা করার প্রস্তাব গত ৫ মার্চ মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হয়। এর ফলে সব সরকারি অফিসে ১৭-২৩ মার্চ পর্যন্ত সাতদিন ঈদের ছুটি থাকবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এ তারিখ ধরে আগেই ১৯-২৩ মার্চ পাঁচদিনের ছুটি নির্ধারণ করে রেখেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। ১৭ মার্চ পবিত্র শবেকদরের ছুটি এবং ১৮ মার্চ ছুটি ঘোষণা করায় এবার ঈদে টানা সাতদিনের ছুটি পাওয়া যাচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ মার্চ জারি করা ছুটির প্রজ্ঞাপনে বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে কার্যবণ্টনের (কার্যপ্রণালি বিধিমালা, ১৯৯৬) তফসিল অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের ক্ষমতাবলে এ ছুটি নির্বাহী আদেশে ঘোষণা করা হয়েছে।

ঘোষিত ছুটির দিনে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন