দারিদ্র্য জয় করে সুমাইয়ার জিপিএ-৫ অর্জন, স্বপ্ন এখন উচ্চশিক্ষার

দারিদ্র্য জয় করে সুমাইয়ার জিপিএ-৫ অর্জন, স্বপ্ন এখন উচ্চশিক্ষার
ছবি: আমার দেশ

দারিদ্র্য যে মেধা ও সাফল্যের পথে বাধা হতে পারে না, তা আবারও প্রমাণ করেছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার অদম্য মেধাবী ছাত্রী সুমাইয়া আক্তার। অভাব-অনটনের সংসারে নানা প্রতিকূলতার মধ্যেও কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে সে। তার সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের বন্যা।

সুমাইয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের চাপুরী গ্রামের বাসিন্দা। তার বাবা সাইফুল ইসলাম ফকির একটি মুরগির খামারে শ্রমিক হিসেবে কাজ করেন। সংসারের ব্যয় মেটাতে তার মাকেও বিভিন্ন কাজে যুক্ত হতে হয়। নুন আনতে পান্তা ফুরায় এমন টানাপোড়েনের সংসারে মেয়ের পড়াশোনার খরচ জোগানো ছিল কঠিন। তবুও সীমিত আয়ের মধ্যেই বাবা-মা মেয়ের লেখাপড়া চালিয়ে গেছেন।

বিজ্ঞাপন

সুমাইয়া এসএসসি পরীক্ষায় অংশ নেয় নন্দিত কথাসাহিত্যিক ড. হুমায়ূন আহমেদের স্বপ্নের প্রতিষ্ঠান ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’ থেকে। এবারের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টির শতভাগ শিক্ষার্থী পাস করেছে। সেই সাফল্যে বাড়তি মাত্রা যোগ করেছে সুমাইয়ার জিপিএ-৫। তার মেধা ও আগ্রহ বিবেচনায় বিদ্যালয় কর্তৃপক্ষও পড়াশোনার খরচের একটি অংশ বহন করে পাশে দাঁড়িয়েছে।

সুমাইয়া জানায়, ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে একজন সফল মানুষ হতে চায়। তার স্বপ্ন পূরণে শিক্ষক ও এলাকাবাসী সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সুমাইয়ার সাফল্য প্রমাণ করে, অর্থনৈতিক সংকট মেধার বিকাশ থামিয়ে দিতে পারে না। অদম্য ইচ্ছাশক্তি, পরিশ্রম ও অধ্যবসায় থাকলে প্রতিকূলতা জয় করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন