মিরাজ বললেন মিটমাট হয়ে গেছে

মিরাজ বললেন মিটমাট হয়ে গেছে

অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেট মানেই গতিশীল বোলিংয়ের সঙ্গে পেসারদের ঐতিহ্যগত আগ্রাসী মনোভাব। বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টের দ্বিতীয় দিনেও দেখা মিলেছে সেই পরিচিত দৃশ্যের। বাংলাদেশ ইনিংসের ১০৩তম ওভারে ড্রেসিংরুম ও গ্যালারিতে উত্তাপ ছড়ায় অজি পেস আক্রমণের অন্যতম প্রধান হাতিয়ার মিচেল স্টার্ক এবং টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের মধ্যকার বাদানুবাদ। তবে মাঠের সেই তীব্র উত্তেজনা যে মাঠেই শেষ হয়েছে, তা ম্যাচের তৃতীয় দিন শেষে নিশ্চিত করেছেন মিরাজ নিজেই।

বিজ্ঞাপন

মাঠের এই বাদানুবাদ নিয়ে ভক্তদের মাঝে তৈরি হয়েছিল নানা জল্পনা-কল্পনা। তবে তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সব গুঞ্জন থামিয়ে দেন মিরাজ। তিনি জানান, পরদিন সকালেই স্টার্ক নিজের আচরণ অনুধাবন করে বিষয়টি সমাধান করেছেন।

মিরাজ ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘ব্যাটিং করার পর সামনে চলে এসেছিল সে (স্টার্ক), আমিও আবার বলটা দেখতে পাইনি। তাই উইকেটের ভেতর থেকে রানটা নিয়েছিলাম। এটা ক্রিকেটের মাঠে হতেই পারে। আজ সকালে ও আমার সঙ্গে কথা বলেছে এবং গতকাল যা হয়েছে, ও বলেছে—না, ঠিক আছে। এটা আমারও ভুল হয়েছে। তবে ঠিক আছে, সব ঠিক আছে।’

খেলার মাঠে তৈরি হওয়া তীব্র উত্তেজনার পর দুই খেলোয়াড়ের এই পারস্পরিক শ্রদ্ধা ও ম্যাচ-পরবর্তী সৌহার্দপূর্ণ আলোচনা স্পোর্টসম্যানশিপের এক দারুণ উদাহরণ হয়ে রইল।

ঘটনাটি ঘটে বাংলাদেশ ইনিংসের ১০৩তম ওভারে। স্টার্কের করা প্রথম বলে বাউন্ডারি হাঁকানোর পরপর তিনটি বল ডট খেলেন মিরাজ। পঞ্চম বলে তিনি একটি সিঙ্গেল নেন। রান নেওয়ার মুহূর্তে মিরাজের দৃষ্টি ছিল বলের গতির দিকে; ফলে অজান্তেই তিনি উইকেটের সংরক্ষিত অংশ বা ‘ডেঞ্জারাস এরিয়া’ দিয়ে দৌড়াতে থাকেন।

অন-ফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা তাৎক্ষণিক বিষয়টি অনুধাবন করে রান নেওয়ার সময়ই মিরাজকে নিয়ম ভঙ্গের বিষয়ে সতর্ক করেন। মিরাজ নিজের ভুল বুঝতে পেরে অনসাইট আম্পায়ারকে ‘আমি দেখতে পাইনি’ বলে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে ক্ষিপ্ত হয়ে ওঠেন স্টার্ক। ফলো-থ্রু শেষ করে মেজাজ হারিয়ে তিনি মিরাজের উদ্দেশে চিৎকার করে বলেন, ‘এটা আমার ফলো-থ্রু। উইকেট থেকে সরে দাঁড়াও।’ নিজের বোলিং মার্কে ফেরার পথে অজি পেসার স্লেজিংয়ের সুরে আরো যোগ করেন, ‘তুমি কিন্তু আর বাংলাদেশে নেই এখন, বুঝেছ?’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন