মৌলভীবাজারে সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়িত অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ১৫ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন (সেলাই) প্রশিক্ষণের সমাপনী, সনদ বিতরণ ও প্রশিক্ষণোত্তর অনুদান প্রদান করা হয়েছে।
বুধবার সকালে জেলার মাতারকাপনস্থ এতিম ও প্রতিবন্ধী মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়, সিলেটের পরিচালক মো. শহীদুল ইসলাম। এ সময় সমাজসেবা অধিদপ্তর, জেলা কার্যালয়ের উপপরিচালক ও জেলা প্রশাসনের সহকারী কমিশনারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ শেষে জেলার সাতটি উপজেলার মোট ২৫ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। একই সঙ্গে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে সেলাই মেশিন কেনার জন্য প্রশিক্ষণোত্তর ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।
বক্তারা বলেন, অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা অর্জন এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তর বিভিন্ন বাস্তবমুখী প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে। এ ধরনের উদ্যোগ প্রশিক্ষণার্থীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সমাজে মর্যাদাপূর্ণ জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

