রাজস্ব আদায় ও পানি উৎপাদন—দুই ক্ষেত্রেই নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম ওয়াসা। দীর্ঘদিন মাসিক ১৮ থেকে ২০ কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ থাকা রাজস্ব আদায় গত মাসের পানির বিল থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৬ কোটি ৮০ লাখ টাকায়। এক মাসের ব্যবধানে সংস্থাটির রাজস্ব আয় বেড়েছে প্রায় ৭ কোটি টাকা। একই সময়ে দৈনিক পানি উৎপাদনও বেড়ে গড়ে ৪৯ কোটি ৬০ লাখ লিটারে পৌঁছেছে, যা ওয়াসার ইতিহাসে সর্বোচ্চ বলে দাবি করেছে ওয়াশা কর্তৃপক্ষ।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম বলেন, বছরের পর বছর রাজস্ব আদায় প্রায় একই পর্যায়ে ছিল। কোনো মাসে ১৮ কোটি, কোনো মাসে ১৯ কোটি, আবার কোনো মাসে ২০ কোটিরও কম রাজস্ব আদায় হতো। তবে গত মাসে সেই চিত্র বদলে গেছে। ওয়াসার ইতিহাসে এবার সর্বোচ্চ ২৬ কোটি ৮০ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে।
তিনি বলেন, রাজস্ব বৃদ্ধির পাশাপাশি পানি উৎপাদনও সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়েছে।
চলতি মাস থেকে প্রতিদিন গড়ে ৪৯ কোটি ৬০ লাখ লিটার পানি উৎপাদন হচ্ছে। এর আগে দৈনিক উৎপাদন ৪৬ থেকে ৪৮ কোটি লিটারের মধ্যে সীমাবদ্ধ ছিল।
এমডি জানান, দায়িত্ব গ্রহণের পর একটি সংবাদ প্রতিবেদনে রাজস্ব আদায় কমে যাওয়ার বিষয়টি তার নজরে আসে। এরপর তিনি রাজস্ব বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে কম আদায়ের কারণ জানতে চান এবং আদায় কার্যক্রম জোরদারের নির্দেশ দেন। এর ফলেই অল্প সময়ের মধ্যে রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য সাফল্য এসেছে।
তিনি আরও বলেন, রাজস্ব আদায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাদের সমন্বিত প্রচেষ্টার ফলেই এক মাসে প্রায় ৬ কোটি ৮০ লাখ টাকা অতিরিক্ত রাজস্ব আদায় সম্ভব হয়েছে। ওয়াসার ইতিহাসে এটিই সর্বোচ্চ মাসিক রাজস্ব আদায়।
ওয়াসার রাজস্ব ও প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, প্রতি মাসে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের পানির বিলের ৮০ থেকে ৯০ শতাংশ আদায়ই সংস্থার লক্ষ্যমাত্রা থাকে।
এত দিন সেই ধারাবাহিকতায় মাসিক রাজস্ব আদায় ১৫ থেকে ১৯ কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল। সাম্প্রতিক উদ্যোগের ফলে আদায়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
চট্টগ্রাম ওয়াসা সূত্র জানায়, বর্তমানে সংস্থাটির মোট পানির সংযোগ রয়েছে ৮৬ হাজার ৩০৯টি। এর মধ্যে আবাসিক সংযোগ ৭৮ হাজার ৫৪২টি এবং বাণিজ্যিক সংযোগ ৭ হাজার ৭৬৭টি। নগরীর প্রায় এক হাজার ২০০ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে এসব গ্রাহকের কাছে পানি সরবরাহ করা হয়।
বর্তমানে আবাসিক গ্রাহকরা প্রতি এক হাজার লিটার পানি ১৮ টাকায় এবং বাণিজ্যিক গ্রাহকরা একই পরিমাণ পানির জন্য ৩৭ টাকা পরিশোধ করছেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

