নোয়াখালীর কবিরহাট থানার সামনে সিএনজিচালিত অটোরিকশাচাপায় এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত মো. সফি উল্যাহ (৬০) কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামের আব্দুর রশীদের ছেলে। এ ঘটনায় অটোরিকশার চালক মো. ইউসুফকে (২৭) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে কবিরহাট থানার এসআই ইমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জেলা শহর মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে সফি উল্যাহর মৃত্যু হয়।
আটক অটোরিকশাচালক মো. ইউসুফ একই উপজেলার বাটইয়া ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের মনির আহম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাতে ব্যক্তিগত কাজে স্থানীয় এক ইউপি সদস্যের সঙ্গে কবিরহাট থানার সামনে আসেন সফি উল্যাহ। রাত সাড়ে ৮টার দিকে সড়ক পার হওয়ার সময় কবিরহাটগামী একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী জেলা শহর মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
এসআই ইমদাদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই অটোরিকশার চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

