চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ প্রকৌশলী আশিকুজ্জামান তামিম মারা গেছেন। ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।
মৃত তামিমের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। রোববার বিকেলে গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
এর আগে গত ৩০ জুন ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পথে মারা যান ট্রলারের ইঞ্জিন বিভাগের গ্রিজার মো. রুবেল (৩২) ও শাহ আলম (৪০)।
জানা গেছে, কর্ণফুলীর সদরঘাট এলাকায় একটি ট্রলারে অগ্নিকাণ্ডের সময় এফভি ডিজনি ট্রলারের নাবিক নিজাম উদ্দিন, মো. রাসেল ও ছিদ্দিক আহমেদ দগ্ধ হন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা শেষে ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
উল্লেখ, গত ৩০ জুন দুপুরে কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় নোঙর করা ‘এফভি দেশ’ নামের একটি ট্রলারের ইঞ্জিন কক্ষে বিকট শব্দে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ট্রলারের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ জানান, ইঞ্জিন কক্ষ থেকে বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং এতে হতাহতের ঘটনা ঘটে।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

