শরীয়তপুরের জাজিরায় একটি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে কম্বলে মোড়ানো অজ্ঞাত এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার পালেরচর ইউনিয়নের ফজলুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে কম্বলে মোড়ানো ওই ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বিদ্যালয়ের মাঠে খেলতে আসে কয়েকজন শিশু। তারা কম্বলে মোড়ানো এক ব্যক্তিকে শুয়ে থাকতে দেখে ঘুমিয়ে আছে ভেবে বিষয়টি গুরুত্ব দেয়নি। বিকালে আবার তারা স্কুলের মাঠে আসে। তখনও ওই ব্যক্তিকে একই অবস্থায় দেখতে পেয়ে কাছে যায় এবং রক্ত দেখতে পায়। পরে বিষয়টি তারা স্থানীয়দের জানায়। এরপর স্থানীয়রা খবর দিলে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মৃতের বয়স পঞ্চাশোর্ধ্ব হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয়রা বলছেন, মৃত ব্যক্তি ওই এলাকার বাসিন্দা নয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আনু খাঁ বলেন, ‘লাশটি অন্য কোনো জেলার লোকের হবে। আমাদের এখানে অন্য জেলা থেকে অনেক শ্রমিক কাজ করতে আসেন। মাঝে-মধ্যে কাজকর্ম না পেলে রাতে স্কুলের বারান্দায় ও পালেরচর বাজারে থাকে।
নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং লাশের পাশে কয়েকটি ইটের টুকরো পাওয়া যায়। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ বিষয়ে জাজিরা থানার ওসি মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। প্রযুক্তির মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে অনুসন্ধান চলমান রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

