আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তাহিরপুরে পর্যটকবাহী হাউজবোটে আগুন

উপজেলা প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)

তাহিরপুরে পর্যটকবাহী হাউজবোটে আগুন
ছবি: আমার দেশ

তাহিরপুরে পর্যটকবাহী হাউজবোট ‘মাছরাঙা’য় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১১টার দিকে আনোয়ারপুর ব্রিজসংলগ্ন রক্তি নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় হাউজবোটে কোনো পর্যটক না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি।

টাঙ্গুয়া হাওরের পর্যটকবাহী নৌ সমিতির সভাপতি গোলাম রব্বানী জানান, সকালে ‘মাছরাঙা’সহ আরও একটি হাউজবোট নদীর তীরে রেখে মেরামতের কাজ চলছিল। নৌকায় তখন শুধু মিস্ত্রি ও কর্মচারীরা ছিলেন। হঠাৎ হাউজবোটের পেছন দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন দাউদাউ করে ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আনোয়ারপুর বাজারের ব্যবসায়ী ও আশপাশের লোকজনের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এর আগেই হাউজবোটের ভেতরের অধিকাংশ সরঞ্জাম পুড়ে যায়।

মাছরাঙা হাউজ বোটের মালিক মোহাম্মদ জামান (ঢাকা) জানান, হাউজবোটে জেনারেটর চালিয়ে মিস্ত্রিরা মেরামতের কাজ করছিল, সে সময় শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটে। এতে, একটি ফ্রিজসহ অনেক মালামাল পুড়ে যায়।

তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, ‘মাছরাঙা’ নামের একটি হাউজবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন