চাঁদার দাবিতে কারখানায় হামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি, নরসিংদী

চাঁদার দাবিতে কারখানায় হামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন
ছবি: আমার দেশ

নরসিংদীর মাধবদী থানায় নির্মাণাধীন পোশাক কারখানায় চাঁদার দাবিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগও করেছেন কারখানা কর্তৃপক্ষ।

জানা যায়, নরসিংদী সদর উপজেলার মাধবদীতে চাঁদার দাবিতে ওয়াকফি নিট ফেব্রিক্স প্রাইভেট লিমিটেড নামে একটি পোশাক কারখানায় হামলা-লুটপাটের অভিযোগ উঠেছে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে। আর এর প্রতিবাদ হিসেবে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

বিজ্ঞাপন

অভিযুক্ত এই সাবেক ছাত্রদলনেতা কামরুল হক রোমান মাধবদী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।

সোমবার বিকেলে নরসিংদী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে অভিযুক্তকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানান ওয়াকফি নিট ফেব্রিক্স প্রাইভেট লিমিটের কর্তৃপক্ষ।

কারখানাটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক জাকির হোসেন লিখিত বক্তব্যে সাংবাদিকদের জানান, নরসিংদীর মাধবদী থানার কান্দাপাড়া এলাকায় নির্মাণাধীন কারখানাটিতে বেশ কয়েক দিন ধরেই ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে কিছু দুর্বৃত্ত।

এরই ধারাবাহিকতায় ১৪ এপ্রিল দুপুরে সাবেক ছাত্রদল নেতা কামরুল হক রোমানের নেতৃত্বে একটি দল নির্মাণাধীন কারখানাটিতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় কারখানায় কর্মরত প্রজেক্ট ইঞ্জিনিয়ার, সিকিউরিটি ইনচার্জসহ বেশ কয়েকজন আহত হন। সাইট অফিসে রাখা সাড়ে ৭ লাখ টাকাও ছিনিয়ে নেয় হামলাকারীরা।

ঘটনার পর মাধবদী থানায় লিখিত অভিযোগ করা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন কারখানা কর্তৃপক্ষ।

ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত কামরুল হক রোমান জানান, ‘ঘটনার দিন কারখানায় ১০০লিটার তেল মজুত করা হয়েছে এমন খবরে স্থানীয় দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়। খবর পেয়ে আমি থামাতে গিয়ে দুই গ্রুপের লোকজনকে চড়-থাপ্পড় দিয়েছি। চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বিগত দিনে আমি কারখানাটির দেখাশোনা করেছি। সে হিসেবে তাদের সঙ্গে আমার সুসম্পর্ক থাকার পরও কেন এমন অভিযোগ তোলা হচ্ছে, তা আমি জানি ন।‘

বর্তমানে ছাত্রদলের কমিটিতে কোনো পদবি না থাকলেও বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন বলেও জানান তিনি।

মাধবদী থানার ওসি কামাল হোসেন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপে প্রক্রিয়াধীন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন