আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নীলফামারীতে এখনো সরেনি পোস্টার-ব্যানার, আচরণবিধি নিয়ে প্রশ্ন

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীতে এখনো সরেনি পোস্টার-ব্যানার, আচরণবিধি নিয়ে প্রশ্ন
ছবি: আমার দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও নীলফামারী জেলা সদরসহ ছয় উপজেলার চারটি সংসদীয় আসনের বিভিন্ন সড়ক, গুরুত্বপূর্ণ মোড়, বাজার এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে এখনো ঝুলে আছে নির্বাচনি পোস্টার, ব্যানার ও ফেস্টুন। এতে শহরের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি নির্বাচনি আচরণবিধি বাস্তবায়ন নিয়েও প্রশ্ন উঠেছে জনমনে।

নির্বাচনি আচরণবিধি অনুযায়ী ভোটগ্রহণ শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে প্রার্থী ও রাজনৈতিক দলগুলোকে সব ধরনের প্রচার সামগ্রী অপসারণ করার বাধ্যবাধকতা রয়েছে। তবে বাস্তবে সেই নির্দেশনার বাস্তবায়ন নেই বলে অভিযোগ স্থানীয়দের।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, নীলফামারী শহরের প্রধান সড়ক ছাড়াও সদর ও উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি, গাছ ও দেয়ালে এখনো অসংখ্য পোস্টার ঝোলানো রয়েছে। কোথাও কোথাও ছেঁড়া ব্যানার ঝুলে থাকায় পথচারী ও যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে।

জেলার স্থানীয় বাসিন্দা ও শিক্ষক নারায়ণ সরকার বলেন, নির্বাচন শেষ হলেও অনেক প্রার্থী নিজ উদ্যোগে প্রচারসামগ্রী সরাতে আগ্রহ দেখাচ্ছেন না। এতে পরিবেশদূষণের পাশাপাশি বর্ষা মৌসুমে নালায় বর্জ্য জমে জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হচ্ছে।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নীলফামারী সদর উপজেলা নির্বাহী অফিসার মুবাশ্বিরা আমাতুল্লাহ বলেন, ‘নির্বাচন শেষে পোস্টার ও ব্যানার অপসারণের বিষয়ে প্রার্থীদের আগেই নির্দেশনা দেওয়া হয়েছে। যারা এখনো সরাননি, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। খুব শিগগিরই ভ্রাম্যমাণ আদালনসহ বিশেষ অভিযান পরিচালনা করা হবে।”

তিনি আরও জানান, সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও প্রার্থীদের সঙ্গে সমন্বয় করে দ্রুত সময়ের মধ্যে সব নির্বাচনি প্রচারসামগ্রী অপসারণ নিশ্চিত করা হবে।

বিশ্লেষকদের মতে, নির্বাচন-পরবর্তী সময়ে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা না গেলে ভবিষ্যতে আইন মানার সংস্কৃতি দুর্বল হয়ে পড়বে। সচেতন মহলের দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে এই অনিয়ম বন্ধ করা হোক।

নাগরিকদের মতে, নির্বাচন কেবল ভোটগ্রহণেই শেষ নয়; নির্বাচন-পরবর্তী শৃঙ্খলা, আইন মানা ও পরিবেশ রক্ষা গণতান্ত্রিক সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...