শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার নাওডোবা গোলচত্বর এলাকায় ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে এক হেলপার ও এক সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্টার এক্সপ্রেস ও খান পরিবহন নামের দুটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে ভাঙ্গা যাচ্ছিল। বিকেলে নাওডোবা গোলচত্বর এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে স্টার এক্সপ্রেস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা খান পরিবহন বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্টার এক্সপ্রেস বাসের হেলপার আকাশ সরদার ও সুপারভাইজার ইউনুস মোল্লা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তারা মারা যান। নিহত আকাশ সরদার ও ইউনুস মোল্লা গোপালগঞ্জ সদর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এ দুর্ঘটনায় অন্তত পাঁচজন যাত্রী আহত হয়েছেন। আহতদের শিবচর উপজেলা সরকারি হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিবচর হাইওয়ে থানার এসআই আব্দুস সালাম জানান, অতিরিক্ত গতির কারণে স্টার এক্সপ্রেস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বাসের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং কয়েকজন আহত হন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত দুই বাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে এ দুর্ঘটনায় নিহতদের পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, এক্সপ্রেসওয়েতে অনেক চালক অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, যা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

