পুরো ক্যাম্পাসে সৌরবিদ্যুৎ চালুর পরিকল্পনা নোবিপ্রবির

পুরো ক্যাম্পাসে সৌরবিদ্যুৎ চালুর পরিকল্পনা নোবিপ্রবির

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এবং বিদ্যুৎ খাতের ব্যয় সাশ্রয় করতে পুরো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (নোবিপ্রবি) সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের গ্র্যান্ড বলরুমে ‘বণিক বার্তা’ আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন ও অর্থনীতির পুনর্বিন্যাস’ শীর্ষক ‘গ্রিন ডায়ালগ’ অনুষ্ঠানে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী এ কথা জানান।

বিজ্ঞাপন

উপাচার্য বলেন, প্রায় ১০০ একর আয়তনের এই বিশাল বিশ্ববিদ্যালয়টিতে প্রতি মাসে বিদ্যুৎ বিল বাবদ বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়। এই ব্যয় উল্লেখযোগ্য হারে কমাতে সৌরবিদ্যুতের ব্যবহার কার্যকর ভূমিকা রাখতে পারে।

বিশ্ববিদ্যালয়ের চলমান সৌরবিদ্যুৎ প্রকল্পের অগ্রগতির কথা তুলে ধরে উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে ক্যাম্পাসে একটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ল্যাব স্থাপন করা হয়েছে। এর অংশ হিসেবে মাত্র ১৮ লাখ টাকা ব্যয়ে ৯০০ বর্গফুটের একটি সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এই ব্যবস্থা থেকে বছরে প্রায় ২৩ হাজার ইউনিট বিদ্যুৎ পাওয়া যাবে এবং দৈনিক গড়ে প্রায় ৬৩ ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হবে।

হিসাব তুলে ধরে তিনি আরও জানান, এই সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটে ব্যয় পড়বে প্রায় সাড়ে তিন টাকা। পক্ষান্তরে, প্রচলিত বিদ্যুৎ ব্যবস্থায় প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ব্যয় হচ্ছে প্রায় ১০ টাকা। সরকারের সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগের প্রশংসা করে উপাচার্য বলেন, ভবিষ্যতে পুরো ক্যাম্পাসকে এই ব্যবস্থার আওতায় আনা সম্ভব হলে বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ ব্যয় বহুগুণ কমে যাবে। একই সঙ্গে পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে একটি টেকসই ক্যাম্পাস গড়ে তোলার পথও আরও সুগম হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়গুলোতে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই অর্থনীতির রূপরেখায় নতুন নতুন গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার আহ্বান জানান অধ্যাপক ড. গোলাম রব্বানী।

উল্লেখ, বণিক বার্তার আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। অনুষ্ঠান সঞ্চালনা করেন বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ। এ সময় দেশের জলবায়ু, পরিবেশবান্ধব জ্বালানি ও অর্থনীতির বিভিন্ন খাতের নীতিনির্ধারক, গবেষক, কূটনীতিক, উদ্যোক্তা এবং দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন