আস-সালাম ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন

জুমার নামাজে আগত প্রথম ১০০ মুসল্লি পেলেন গাছ

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

জুমার নামাজে আগত প্রথম ১০০ মুসল্লি পেলেন গাছ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে মানুষকে উদ্বুদ্ধ করতে কুমিল্লার চৌদ্দগ্রামে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে আস-সালাম ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে জুমার নামাজে আগত প্রথম ১০০ মুসল্লির মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের গাছ বিতরণ করা হয়েছে।

শুক্রবার পৌর এলাকার রামরায়গ্রাম কাজী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। আস-সালাম ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচির দ্বিতীয় পর্ব হিসেবে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বিজ্ঞাপন

আয়োজকরা জানান, বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে মাসব্যাপী বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে আস-সালাম ফাউন্ডেশন। এর অংশ হিসেবে জুমার নামাজে আগত মুসল্লিদের মধ্যে পরিবেশবান্ধব সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণে উৎসাহিত করতে বিশেষ এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী মুসল্লিরা মসজিদে প্রবেশের আগে একটি বাক্স থেকে টোকেন সংগ্রহ করেন। টোকেনের মাধ্যমে প্রত্যেকের জন্য নির্ধারিত গাছের জাত নির্বাচন করা হয়। নামাজ শেষে টোকেন জমা দিয়ে তারা নিজ নিজ গাছ গ্রহণ করেন। বিতরণকৃত গাছের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির চারা ছিল। আয়োজকরা জানান, যারা গাছের সঠিক পরিচর্যা করবেন তাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষ পুরস্কারও প্রদান করা হবে।

Amardesh_un

গাছ বিতরণ অনুষ্ঠানে আস-সালাম ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদ সদস্য কাজী এমরানের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক পরিষদের সভাপতি কাজী নাসিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা আরমান হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের সদস্য কাজী সাকির, ডা. রবিন, অয়ন ভুঁইয়া, ইমরান খান, স্বেচ্ছাসেবক পরিষদের সদস্য কাজী সাকিব, কাজী জিসানসহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মসজিদের মুসল্লি কাজী আবদুর রাজ্জাক বলেন, “বিনামূল্যে গাছ বিতরণ একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। সমাজ ও পরিবেশের কল্যাণে আস-সালাম ফাউন্ডেশন নিয়মিত ব্যতিক্রমী কর্মসূচি বাস্তবায়ন করছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তাদের মাসব্যাপী বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছে।”

আস-সালাম ফাউন্ডেশনের সভাপতি মিরাজ মজুমদার মুঠোফোনে জানান, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে কুমিল্লার ইনসাফ স্পেশালাইজড হাসপাতালের অর্থায়নে এই গাছ বিতরণ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, “গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে, অক্সিজেন সরবরাহ করে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে আসা উচিত।”

আস-সালাম ফাউন্ডেশন জানিয়েছে, মাসব্যাপী কর্মসূচির আওতায় চৌদ্দগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে পর্যায়ক্রমে আরও হাজারো গাছের চারা বিতরণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন