মাদারীপুরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ম্যাচ

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

মাদারীপুরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ম্যাচ
ছবি: আমার দেশ

ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস আর বিশ্বকাপের আবহকে আরও প্রাণবন্ত করে তুলতে মাদারীপুরের শিবচরে অনুষ্ঠিত হলো ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে এক ব্যতিক্রমী প্রীতি ফুটবল ম্যাচ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার হাতিরবাগান মাঠে স্থানীয় সাবেক ও বর্তমান ফুটবল খেলোয়াড়দের উদ্যোগে আয়োজিত এই ম্যাচ দেখতে ভিড় করেন হাজারো দর্শক।

দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে দর্শকরা মাঠে আসতে শুরু করেন। খেলা শুরুর আগেই গ্যালারি ও মাঠের চারপাশ দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। প্রিয় দলের জার্সি, পতাকা ও স্লোগানে পুরো মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

বিজ্ঞাপন

রোমাঞ্চকর এই প্রীতি ম্যাচে ব্রাজিল সমর্থকদের ২-১ গোলে হারিয়ে জয় তুলে নেয় আর্জেন্টিনা সমর্থক দল।

খেলার প্রথমার্ধে নাহিদের গোলে এগিয়ে যায় ব্রাজিল। তবে দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে তপুর গোল আর্জেন্টিনাকে সমতায় ফেরায়। পরে সুজয়ের দুর্দান্ত গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা সমর্থকরা।

ম্যাচ শেষে দর্শক ও আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য, সম্প্রীতি ও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিত করার আশা প্রকাশ করেন তারা।

এ বিষয়ে শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা বলেন, ফুটবল মানুষের মধ্যে সম্প্রীতি ও আনন্দের বার্তা ছড়িয়ে দেয়। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে খেলাধুলার মাধ্যমে তরুণদের একত্রিত করাই আমাদের লক্ষ্য।মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস,করতালি আর প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রমাণ করে ফুটবল শুধু একটি খেলা নয়, এটি মানুষের আবেগ ও সম্প্রীতিরও অন্যতম মাধ্যম।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন