জমি লিখে না দেওয়ায় বাবা-মাকে মারধর, যুবদল নেতা বহিষ্কার

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোনা)

জমি লিখে না দেওয়ায় বাবা-মাকে মারধর, যুবদল নেতা বহিষ্কার
বহিষ্কার যুবদল নেতা মোজাম্মেল হক সোহেল

নিজ বাবা-মাকে মারধরের অভিযোগের পর নেত্রকোনার বারহাট্টা উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক সোহেলকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

বৃহস্পতিবার কেন্দ্রীয় যুবদলের দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক স্খলনজনিত কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোজাম্মেল হক সোহেলকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো কর্মকাণ্ডের দায়-দায়িত্ব দল বহন করবে না। একই সঙ্গে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, গত শনিবার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামে জমি লিখে না দেওয়াকে কেন্দ্র করে নিজের বাবা-মাকে মারধরের অভিযোগ ওঠে সোহেলের বিরুদ্ধে। ঘটনার পর বৃদ্ধ বাবা তারা মিয়া ও তার স্ত্রী কান্নাজড়িত অবস্থায় বারহাট্টা উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে বিচার প্রার্থনা করেন।

সেখানে উপস্থিত স্থানীয় বিএনপি নেতাদের সহায়তায় তারা জেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ারুল হকের সঙ্গেও কথা বলেন। এ সময় তারা ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে ধরেন বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, জমি নিজের নামে লিখে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে বাবা-মায়ের ওপর চাপ সৃষ্টি করে আসছিলেন সোহেল। তবে অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানার জন্য একাধিকবার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

এদিকে কেন্দ্রীয় যুবদলের বহিষ্কারাদেশের পর জেলায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সচেতন মহল অভিযোগের নিরপেক্ষ তদন্ত, সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...