কারামুক্তির পর কটিয়াদীতে মেজর আখতারুজ্জামানকে গণসংবর্ধনা

কারামুক্তির পর কটিয়াদীতে মেজর আখতারুজ্জামানকে গণসংবর্ধনা

কারামুক্তির পর কিশোরগঞ্জের কটিয়াদীতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার সকালে কিশোরগঞ্জের কটিয়াদী বাসস্ট্যান্ডে এক গণসংবর্ধনা দেওয়া হয়।

বিজ্ঞাপন

আখতারুজ্জামান রঞ্জন বলেন, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমাকে এক মাস দুই দিন কারাগারে থাকতে হয়েছে। কিন্তু কারাগারে পাঠিয়ে কিংবা ভয়ভীতি দেখিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে থাকলে অন্যায়ের বিরুদ্ধে হিমালয়সম দৃঢ়তা নিয়ে প্রতিবাদ করতে পারব। আমরা অন্যায়ের প্রতিবাদ করতে ভয় পাই না। যত বাধাই আসুক, প্রতিবাদ অব্যাহত থাকবে।

নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমি বিএনপির সঙ্গে দীর্ঘ ৪০ বছর রাজনীতি করেছি। সেই রাজনীতি আমার কাছে ছিল বিশাল এক নদীর মতো। সেই রাজনীতিকে আমি ভুল বলছি না, তবে সময়ের পরিবর্তনে সেই নদীতে এখন চর পড়েছে। জীবনের এক বাঁকে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্য নিয়ে আমি আরেকটি বিশাল নদীতে এসে যুক্ত হয়েছি; সেটি হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।

তিনি আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা যে পথচলা শুরু করেছি, সেই পথচলার নদী একদিন সাগরে পৌঁছাবেই। সত্যের জয় হবেই, ইনশাআল্লাহ। অন্যায়ের কাছে মাথা নত করব না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে কারাভোগ করেছি, ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলা থেকে পিছপা হব না।

এর আগে শুক্রবার সকালে ঢাকা থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে কটিয়াদী-মঠখোলা সড়কের কটিয়াদী সীমান্তে পৌঁছালে শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তাকে কটিয়াদী বাসস্ট্যান্ডে সংবর্ধনা মঞ্চে নিয়ে আসা হয়।

উপজেলা জামায়াতের আয়োজনে এবং উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির সাইদুল হক বিএসসি, উপজেলা সেক্রেটারি মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. দেলোয়ার হোসেন।

এ ছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে তাকে স্বাগত জানান উপস্থিত নেতাকর্মীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন