টানা ৩৫ বছর পর অবশেষে অপেক্ষা ঘুচেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের। এ নিয়ে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।
ঘোষণা অনুযায়ী, আগামী ১২ অক্টোবর রোববার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। খসড়া তালিকা নিয়ে আপত্তি জানানো যাবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ১১ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ ১৪ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ১৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায়। ১৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিতে পারবেন।
১৮ সেপ্টেম্বর মনোনয়ন ফরম যাচাই-বাছাই শেষে ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। প্রার্থীরা ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার মধ্যে মনোনয়ন ফরম প্রত্যাহার করতে পারবেন। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত ১৯৯০ সালের ৮ নভেম্বর।
ওই নির্বাচনে সহ-সভাপতি পদে (ভিপি) নাজিম উদ্দীন ও সাধারণ সম্পাদক পদে (জিএস) আজিম উদ্দিন নির্বাচিত হন। এখন পর্যন্ত ছয়বার চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

