বরিশালের গৌরনদীতে বালু বহনকারী একটি খালি ট্রলি উল্টে খাদে পড়ে সোমবার সন্ধ্যার আগে রিফাত গাজী (২২) নামের এক ট্রলি হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিকেল ৫টার দিকে উপজেলার পূর্ব গরঙ্গল এলাকার খালেক সরদারের বাড়ির সামনে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত রিফাত গাজী গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের পিংলাকাঠী গ্রামের লালচাঁন গাজী ও হেলেনুর বেগম দম্পতির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পিঙ্গলাকাঠী বাজারের বালু-সিমেন্টের ব্যবসায়ী হারুন শিকদারের মালিকানাধীন একটি খালি বালুটানা ট্রলি গৌরনদী-হোসনাবাদ ভায়া সরিকল সড়ক ধরে হোসনাবাদ গ্রাম থেকে পিংলাকাঠী বাজারের দিকে যাচ্ছিল।
পথে উপজেলার পূর্ব গরঙ্গল এলাকায় পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়। এ সময় ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন হেলপার রিফাত।
পরে ওই এলাকার বাসিন্দা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক গাজী আবু বকরের নেতৃত্বে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওই দিন সন্ধ্যায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওই স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকেরা তখন তাকে মৃত ঘোষণা করেন।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

