রাবিতে প্রশাসন ভবনের প্রধান ফটক অবরোধ করে ছাত্রদলের বিক্ষোভ

রাবিতে প্রশাসন ভবনের প্রধান ফটক অবরোধ করে ছাত্রদলের বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রশাসন ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছে ছাত্রদল। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার দাবি এবং নারী শিক্ষার্থীদের হেনস্তা ও মব সৃষ্টির প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। সোমবার বেলা সাড়ে ১২টায় প্রশাসন ভবনের প্রধান ফটক অবরোধ করে এ বিক্ষোভ মিছিল করেন তারা।

বিজ্ঞাপন

শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক মো. আর-রাফি খান বলেন, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল দৃঢ়ভাবে জানাতে চাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের রাকসুতে ভোটাধিকার নিশ্চিত করতে হবে। একইসাথে নারী শিক্ষার্থীদের হেনস্তা ও পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের যেকোনো অপচেষ্টা আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবো।

ছাত্রদলের সহ-সভাপতি জান্নাতুন নাঈম তুহিনা বলেন, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেত্রীরা বারবার সাইবার আক্রমণের শিকার হচ্ছি। গতকাল আমাদের যৌক্তিক আন্দোলনে হামলা চালিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনকে জাস্টিফাই করা হয়েছে। পরবর্তীতে সারারাত আমাদের সাইবার বুলিং করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আচরণে স্পষ্ট বোঝা যায়—তারা নারী নেতৃত্বকে সামনে আসতে দিতে চায় না। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এর বিরুদ্ধে দৃঢ় অবস্থান ঘোষণা করছি।

এ বিষয়ে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, গতকাল আমরা রাকসু কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালনকালে যে ঘটনা ঘটেছে তা ছিল সম্পূর্ণ পরিকল্পিত। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন নাশকতা ও ছাত্রদলের ওপর হামলা করার উদ্দেশ্যে শিবির, বাকসাস ও সমন্বয়ক নামধারী একটি সংগঠনকে মোটা ১৫ লাখ টাকা প্রদান করেছে আমাদের উপর হামলা করার জন্য। এ ঘটনায় আমাদের দশজন নেতাকর্মী হাসপাতালে ভর্তি আছেন এবং নারী শিক্ষার্থীদের নানাভাবে হেনস্তার স্বীকার হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ইউনিটের শতাধিক নেতাকর্মী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন