গ্যাসের সংকটে তৈরি পোশাক খাতে দেশের অন্যতম বৃহত্তম রপ্তানিকারক প্রতিষ্ঠান চট্টগ্রাম ইপিজেডে প্যাসিফিক জিন্স গ্রুপের ৯টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
বুধবার প্যাসিফিক জিন্স গ্রুপের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) তীব্র বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে কারখানার সুইং, ওয়াশিংসহ সব বিভাগের উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় কারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম পরিচালনা করা অসম্ভব বিধায় ৫ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত কারখানার উৎপাদনসহ অন্য সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
সংশ্লিষ্ট মানবসম্পদ ও প্রশাসন বিভাগকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল আছে। এর মধ্যে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির টার্মিনালের সক্ষমতা ৬ হাজার মিলিয়ন ঘনফুট ও সামিটের টার্মিনালের সক্ষমতা ৫ হাজার মিলিয়ন ঘনফুট । গত ২১ জুলাই অগ্নি দুর্ঘটনায় এক্সিলারেটের টার্মিনাল বন্ধ হয়ে যায়। এতে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে সংকট।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

