ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পলায়নের এবং জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে কিশোরগঞ্জ জেলা বিএনপির বিজয় র্যালিতে নেতাকর্মীর ঢল নেমেছে। ২০২৪ -এর ঐতিহাসিক এই বিজয়ের মিছিল সফল করতে হাজার হাজার বিএনপি নেতাকর্মীরা অংশ নেয়।
বুধবার (৬ আগস্ট) দুপুরে জেলা উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিশাল বিজয় র্যালি বের হয়। ‘ওয়াসিম, সাঈদ, মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে জেলাশহর। মিছিলটি গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রথখলা দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতি কিশোরগঞ্জ জেলা বিএনপি ও সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় বিএনপি শরীফুল আলমের সভাপতিত্বে ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়ার পরিচালনায় বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সভাপতি রুহুল হোসাইন, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর অনেক জুলুম নির্যাতন সহ্য করে আমরা নতুন দেশ ফিরে পেয়েছি। ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলন অনেক ছাত্র-জনতাকে প্রাণ দিতে হয়েছে। শত শত বাবা-মায়ের বুক খালি হয়েছে। আজ আমরা সেই শহীদদের প্রাণ ভরে স্মরণ করছি। এসময় উপস্থিত ছিলেন জেলা, উপজেলা-পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

