ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা

প্রাণ হারালেন জামালপুরের সহকারী জজ

প্রাণ হারালেন জামালপুরের সহকারী জজ
চূর্ণ-বিচূর্ণ প্রাইভেটকার । ইনসেটে সহকারী জজ সামিউল । ছবি: আমার দেশ

ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জামালপুরের এক সহকারী জজের। মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের পেছনে দ্রুতগতির প্রাইভেট কারের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন এ কে এম সামিউল হক (২৮)। ভয়াবহ ওই দুর্ঘটনায় গাড়ির ভেতরে ঢুকে পড়া রড তার শরীরের বিভিন্ন স্থানে বিদ্ধ হয়। গুরুতর আহত হয়েছেন প্রাইভেট কারের চালক ইদ্রিস মিয়া।

সোমবার ভোর ৪টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার লাহেড়ীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত এ কে এম সামিউল হক জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ইসলামপুর আমলি আদালতে সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন।

তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা। তার বাবা সাবেক সচিব এ কে এম ফজলুল হক পরিবার নিয়ে ঢাকার লালমাটিয়ায় বাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছুটি কাটিয়ে সোমবার ভোরে ঢাকার লালমাটিয়া থেকে জামালপুরের উদ্দেশে রওনা হন সহকারী জজ সামিউল হক। তাকে নিয়ে প্রাইভেট কারটি জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে আসছিল। ভোর ৪টার দিকে লাহেড়ীকান্দা এলাকায় পৌঁছালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা রডবোঝাই একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় প্রাইভেট কারটি। প্রচণ্ড ধাক্কায় মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায় প্রাইভেট কারের সামনের অংশ। এ সময় ট্রাকে থাকা রড গাড়ির ভেতরে ঢুকে সামিউল হকের শরীরের বিভিন্ন স্থানে বিদ্ধ হয়। চালক ইদ্রিস মিয়াও গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। পরে গাড়ির ভেতর থেকে দুজনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সহকারী জজ এ কে এম সামিউল হককে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত চালক ইদ্রিস মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল সাকিব জানান, ছুটি কাটিয়ে ঢাকার লালমাটিয়া থেকে কর্মস্থল জামালপুরে ফিরছিলেন সহকারী জজ সামিউল হক। পথেই এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বলেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ইসলামপুর আমলী আদালতের সহকারী জজ এ কে এম সামিউল হকের মৃত্যুতে আমরা শোকাহত। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।

জামালপুর আদালত প্রাঙ্গণে সহকারী জজ সামিউল হকের আকস্মিক মৃত্যুতে বিচারক, আইনজীবী ও আদালতের কর্মকর্তার-কর্মচারীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন