কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার

কুমিল্লায় স্কুলছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আলোচিত ২৫ মামলার আসামি আবু হানিফ ওরফে অপুকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে লক্ষ্মীপুর থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গত ২৪ জুন রাত থেকে কুমিল্লার কাটাবিল এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে ‘অপু গ্রুপ’ ও ‘সাব্বির গ্রুপ’-এর মধ্যে উত্তেজনা শুরু হয়। এর জেরে ২৫ জুন দুপুরে দুই পক্ষের মধ্যে প্রকাশ্য সশস্ত্র সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ প্রেম (১২) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার পর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশ কক্সবাজারসহ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে এ পর্যন্ত চারজন আসামিকে গ্রেপ্তার করেছে এবং একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। মূল হোতা হিসেবে পরিচিত আবু হানিফ অপু দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় দেশব্যাপী ধারাবাহিক অভিযান চালিয়ে বুধবার ভোরে লক্ষ্মীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী কুমিল্লা কোতোয়ালী থানার জগন্নাথপুর এলাকা থেকে ঘটনায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আবু হানিফ অপুর বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ২৫টি মামলা রয়েছে।

এর আগে গুলিবিদ্ধ শিক্ষার্থী ইথান আহমেদ প্রেমের বাবা ইউনুছ মিয়া বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় সাব্বির ও অপুসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ছয়জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, গত বৃহস্পতিবার কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধনে হামলা চালিয়ে গুলি করা হয়। এতে অন্তত পাঁচজন আহত হন। গুরুতর আহত অবস্থায় ইথান আহমেদকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বর্তমানে সে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন তার বাবা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...