মাত্র কয়েক দিন আগেও বন্ধুদের সঙ্গে খেলাধুলায় মেতে ছিল ছোট্ট এনায়েত। প্রতিদিনের মতো বই-খাতা কাঁধে নিয়ে স্কুলে যাওয়ার কথা ছিল তার। কিন্তু খেলার সময় একটি দুর্ঘটনা মুহূর্তেই বদলে দেয় সবকিছু।
টানা চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে অবশেষে না-ফেরার দেশে চলে গেল সাতকানিয়া টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ এনায়েত উল্লাহ (প্রকাশ মোহাম্মদ)।
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে খেলতে গিয়ে গুরুতর আহত হয় এনায়েত। প্রথমে তাকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকেরা তার জন্য জরুরি আইসিইউ সাপোর্টের প্রয়োজনীয়তার কথা জানান। কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ শয্যা খালি না থাকায় তাকে নগরের পার্কভিউ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে লাইফ সাপোর্টে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, এনায়েত ছিল শান্ত, ভদ্র ও সবার প্রিয় একজন শিক্ষার্থী। তার অকালমৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না শিক্ষক ও সহপাঠীরা। প্রিয় বন্ধুকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছে তার সহপাঠীরাও।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বাদ আসর সাতকানিয়া শাহী জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

