আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ধানের শীষের পোস্টার ছিঁড়ে ফেলা সেই কিশোরদের ছাড়িয়ে আনলেন রাশেদ

উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)

ধানের শীষের পোস্টার ছিঁড়ে ফেলা সেই কিশোরদের ছাড়িয়ে আনলেন রাশেদ

ধানের শীষের পোস্টার ছেঁড়ার অভিযোগে আটক তিন কিশোরকে কোনো আইনি পদক্ষেপ ছাড়াই থানা থেকে মুক্ত করে আসলেন ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রাশেদ খান।

শুক্রবার রাতে সদর উপজেলার কুশোবাড়িয়া বাজার এলাকায় রাশেদ খানের ধানের শীষের কয়েকটি নির্বাচনি পোস্টার ছেঁড়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় পুলিশ ৩ জন কিশোরকে আটক করে থানায় নিয়ে যায়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। তবে উত্তেজনার সেই মুহূর্তে প্রতিহিংসার পথে না গিয়ে মানবিক সিদ্ধান্ত গ্রহণ করেন ধানের শিষ প্রার্থী রাশেদ খাঁন নিজেই। খবর পেয়ে তিনি সরাসরি থানায় যান এবং আটক কিশোরদের বিরুদ্ধে কোনো মামলা-মোকদ্দমায় না জড়িয়ে তাদের মুক্ত করে দেওয়ার জন্য পুলিশের কাছে অনুরোধ জানান। তার অনুরোধে পুলিশ আটক কিশোরদের ছেড়ে দেয়।

বিজ্ঞাপন

মুক্তি পাওয়ার পর অভিযুক্ত কিশোররা বলেন, আমরা কোনো রাজনৈতিক উদ্দেশে বা কারো প্ররোচনায় এই কাজ করিনি। কিশোর সুলভ ভুল আর আবেগের বশেই এমন কাজ হয়ে গেছে। পরে বুঝতে পারি আমরা খুব বড় একটা ভুল করেছি। পুলিশ আমাদের আটক করার পর আমরা খুব ভয় পেয়ে যাই। মনে হচ্ছিল আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। কিন্তু রাশেদ ভাই নিজে থানায় এসে আমাদের ছাড়ে দেওয়ার অনুরোধ করেন। একজন রাজনৈতিক নেতা হয়েও তিনি আমাদের সঙ্গে অত্যন্ত মানবিক আচরণ করেছেন। আমাদের ভুলের জন্য শাস্তির বদলে ভালোবাসা দিয়ে ক্ষমা করে দিয়েছেন। আমরা এ ঘটনার জন্য আন্তরিক ভাবে দুঃখিত এবং ভবিষ্যতে আর কখনও এমন কাজ করব না। আমরা এবং আমাদের পরিবারের সবাই রাশেদ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

রাশেদ খান বলেন, ওরা সবাই কিশোর। আবেগের বশে বা না বুঝে হয়ত এমন ভুল করেছে। ছোট একটা ভুলের জন্য মামলা-মোকদ্দমা দিয়ে তাদের জীবন নষ্ট করতে চাই না। রাজনীতি প্রতিহিংসার জায়গা নয়, রাজনীতি মানুষের জন্য। আজ যদি আমি কঠোর হই, তাহলে ওরা শিক্ষা পাবে না, বরং ভয় ও ক্ষোভ নিয়ে বড় হবে। ভালোবাসা আর ক্ষমা দিয়েই মানুষকে সংশোধন করা যায়। আমি চাই এই কিশোররা ভুল থেকে শিক্ষা নিক, পড়াশোনায় মন দিক এবং দেশের ভালো নাগরিক হিসেবে গড়ে উঠুক। রাজনীতিতে সহনশীলতা ও মানবিকতার চর্চা জরুরি, আমি সেটাই দেখাতে চেয়েছি।

রাজনৈতিক প্রতিহিংসার বদলে রাশেদ খানের এই মানবিক সিদ্ধান্ত এলাকায় ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। পুলিশ হেফাজত থেকে মুক্তি পেয়ে কিশোররা রাশেদ খানকে জড়িয়ে ধরে। মানবিকতা ও সহনশীলতার এই দৃষ্টান্ত ঝিনাইদহ-৪ আসনের নির্বাচনি রাজনীতিতে এক নতুন বার্তা দিল বলে মনে করছেন স্থানীয়রা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...