বিএনপিতে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী ও দখলবাজদের ঠাঁই নেই বলে জানিয়েছেন মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ড. খোন্দকার আকবর হোসেন বাবলু।
গতকাল জেলার ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা ও হিজুলিয়া বাজারে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা রূপরেখা নিয়ে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এর আয়োজন করা হয়। এ সময় লিফলেটও বিতরণ করা হয়।
ড. বাবলু বলেন, রণাঙ্গনের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের গড়া বিএনপি হলো ভদ্র মানুষদের দল। এ দলের নামে অপকর্মকারীরা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের আদর্শ ধারণ করতে পারেন না। তাদের অবশ্যই চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করতে হবে।
তিনি আরও বলেন, ৩১ দফা হলো গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। ন্যায়বিচার নিশ্চিতকরণ, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সুশাসন প্রতিষ্ঠাই হলো বিএনপির লক্ষ্য। এ রূপরেখায় কৃষি ও শিক্ষাখাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কেননা দেশের কৃষকরা অবহেলিত। অথচ তারাই অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। কৃষকদের উন্নয়ন ছাড়া সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়। পাশাপাশি কৃষি-শিক্ষার প্রসার ঘটিয়ে আধুনিক ও প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তোলাই বিএনপির অন্যতম লক্ষ্য।
ঘিওর কলেজের জিএস ও ঢাকা উত্তর কৃষকদলের তেঁজগা থানার আহ্বায়ক মো. সেলিম মিঞার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ঘিওর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু কায়সার রেজা, সহ-সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি শাহজাহান মজনু প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

