কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফের পাহাড়ি এলাকা সংলগ্ন হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া এলাকা থেকে আবারও দুই কৃষককে অপহরণ করা হয়েছে। অস্ত্রধারী অপহরণ চক্রের সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে স্থানীয় জনতার মাঝে ভীতি সৃষ্টি করে তাদের অপহরণ করে নিয়ে যায়।
বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়াপাড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। দুই কৃষককে অপহরণের খবর পেয়ে তাদের উদ্ধার করার জন্য স্থানীয় জনতা দল বেঁধে পাহাড়ে যান।
পাহাড়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে অস্ত্রধারী অপহরণ চক্রের সদস্যরা জনতাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। ওই সময় সোহেল, কায়সার উদ্দিন ও মো. সাকিব নামে তিন যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অপহৃত দুই কৃষক হচ্ছেন হোয়াইক্যং কম্বনিয়াপাড়ার বাসিন্দা আব্দুল মাবুদের ছেলে জাকির হোসেন ও ভুলু মিয়ার ছেলে জহির।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশের একটি দল অভিযানে যায়। ওই অভিযানে অপহৃত দুই কৃষককে উদ্ধার করতে না পারলেও স্থানীয় জনতার সহযোগিতায় অপহরণ চক্রের সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়।
তিনি বলেন, অপহৃতদের উদ্ধারের জন্য পুলিশ সদস্যদের অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

