কুমিল্লার হোমনায় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নাজমুল ইসলাম (২৩) নামে এক স্কুলশিক্ষক মারা গেছেন। বুধবার সকালে উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের মণিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে নিজ ঘরে মোবাইল ফোন চার্জে দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন নাজমুল ইসলাম। পরে পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নাজমুল ইসলাম মণিপুর আদর্শ প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক ছিলেন। তিনি মণিপুর গ্রামের মরহুম নজরুল ইসলামের ছেলে। উল্লেখ্য, মাত্র দেড় মাস আগেই তার বাবা মারা যান। পরপর পরিবারের দুই উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে স্বজনদের মধ্যে মাতম চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টমাস বড়ুয়া জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

