ফেনীতে আবদুল হক (৪৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালককে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত আবদুল হক ফেনীর ছাগলনাইয়া উপজেলার মাটিয়াগোদা গ্রামের মরহুম ওসমান হাওলাদারের ছেলে।
এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের বাংলা বাজারের পাশের সড়কে এই ছিনতাই ও হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার মহামায়া ইউনিয়নের চাঁদগাজী বাজার থেকে কয়েকজন দুর্বৃত্ত যাত্রীবেশে পাঠাননগর বাজারে যাওয়ার কথা বলে আবদুল হকের ব্যাটারিচালিত অটোরিকশাটি ভাড়া করে। পরবর্তীতে অটোরিকশাটি বাংলা বাজারের পাশের সড়কে পৌঁছালে দুর্বৃত্তরা গাড়িটি থামিয়ে আবদুল হককে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে এবং অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে যায়।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, স্থানীয় পথচারীরা রক্তাক্ত অবস্থায় আহত আবদুল হককে দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে ওই মুমূর্ষু চালককে উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৬টার দিকে তাঁর মৃত্যু হয়।
ওসি আরও জানান, নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। যাত্রীবেশে আসা দুর্বৃত্তরাই এ ঘটনায় জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে মহামায়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য আবদুল কাইয়ুম মেম্বার জানান, মাত্র কয়েক মাস আগে আবদুল হক এনজিও বা ব্যাংক থেকে কিস্তিতে ব্যাটারিচালিত অটোরিকশাটি কিনেছিলেন। তিনি নিজে গাড়িটি চালিয়ে সংসারের খরচ জোগাতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন নিহতের স্ত্রী ও সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

